২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতভর বিক্ষোভের পর পুঁজিবাজারে লেনদেন শুরু

পুলিশ অনশনরত বিনিয়োগকারীদের সরিয়ে দেওয়ার পর লেনদেনের প্রথম ২০ মিনিটে সূচকের ঘরে ৬৯ পয়েন্ট যোগ করে দিন শুরু করেছে ঢাকা পুঁজিবাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 05:49 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ অনশনরত বিনিয়োগকারীদের সরিয়ে দেওয়ার পর লেনদেনের প্রথম ২০ মিনিটে সূচকের ঘরে ৬৯ পয়েন্ট যোগ করে দিন শুরু করেছে ঢাকা পুঁজিবাজার। সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার লেনদেন শুরুর ১১টা ২১ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৬৯ দশমিক ১০ পয়েন্ট বেড়ে হয়েছে ৫ হাজার ৪৫৬ দশমিক ১৪ পয়েন্ট। এসময় লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ১৫টির। অপরিবর্তিত রয়েছে ৩টির দাম। ওই সময় পর্যন্ত ৩২ কোটি ২০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে এ বাজারে । পুঁজিবাজার স্থিতিশীল করার দাবিতে ডিএসই সামনে রাতভর বিক্ষোভ চলার পর সকাল সাড়ে ৮টার দিকে অনশনরত বিনিয়োগকারীদের ডিএসই ভবনের সামনে থেকে তুলে দেয় পুলিশ। এরপর পৌনে ৯টার দিকে ডিএসইর সামনের সড়কে যান চলাচল আবার শুরু হয়। আন্দোলনকারীদের ঠেকাতে ডিএসই ভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। দুই সপ্তাহ ধরে টানা দরপতনের পর রোববার বেলা ১১টায় লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে আমরণ অনশনের ঘোষণা দিয়ে ডিএসইর সামনে অবস্থান নেয় ব্যক্তি শ্রেণীর এই বিনিয়োগকারীরা। বিকেলে বেশ কয়েকজন রাজনীতিবিদ অনশনস্থলে উপস্থিত হন এবং বিনিয়োগকারীদের পাশে থাকার ঘোষণা দেন। এই অনশনের মধ্যে রোববারও ডিএসইতে ব্যাপক দরপতন হয়। সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৮১ দশমিক ৩১ পয়েন্ট কমে হয় ৫ হাজার ৩৮৭ পয়েন্ট। লেনদেন হয় ২৫৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার, যা বৃহস্পতিবারের চেয়ে ১০৬ কোটি ৩৫ লাখ টাকা কম। গত দু সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমেছে ৩৪১ দশমিক ৮৪ পয়েন্ট। বিষয়টি সমাধানের জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কর্মকর্তারা রাতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে মতিঝিলে রাতভর চলে বিক্ষোভ। সারারাত না ঘুমিয়ে রাস্তায় বসে স্লোগানে স্লোগানে নিজেদের দাবি সরকারের কাছে তুলে ধরেন বিনিয়োগকারীরা। কখনো গান গেয়ে, কখনো বক্তৃতা দিয়ে নিজেদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা চালিয়ে যান। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ পরিষদের যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ আমাদের তুলে দিলেওস আন্দোলন চলবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২৩৩৯