২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনের সুযোগ নিলেন করদাতারা

ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। রোববার শেষ দিনে আয়কর বিভাগের মাঠ পর্যায়ের বিভিন্ন সার্কেল অফিসগুলোতে ছিলো রিটার্ন জমা দেওয়ার ব্যাপক চাপ। কাকরাইল, পল্টন ও সেগুনবাগিচার অন্য কর অফিসগুলোতেও প্রচুর করদাতা শেষ সুযোগ গ্রহণে ভিড় জমান। এদিকে শেষ দিন হওয়ায় রিটার্ন জমা নেওয়ার জন্য রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিশেষ ব্যবস্থায় রাত ৮টা পর্যন্ত সার্কেল অফিসগুলো খোলা রাখে। এনবিআরের সদস্য (আয়কর প্রশাসন) এম এ কাদের সরকার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেষ দিনে বিপুল সংখ্যাক করদাতা তাদের রিটার্ন জমা দিয়েছেন। সন্ধ্যার দিকে বৈতনিক সার্কেলের করদাতারা গোষ্ঠীবদ্ধ হয়ে রিটার্ণ দিয়েছেন।" গত বৃহস্পতিবার পর্যন্ত সময় বাড়ানোর আবেদনসহ মোট নয় লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) তাদের রিটার্ণ জমা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, এতে রাজস্ব পাওয়া গেছে প্রায় ১১ শ' কোটি টাকা। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, সেপ্টেম্বর মাস জুড়ে রিটার্ন জমা দেওয়ার বিধান রয়েছে। ৩০ সেপ্টেম্বর শুক্রবার হওয়ায় ২ অক্টোবর (রোববার) রিটার্ন জমা নেয় কর অফিসগুলো। পরে ওই দিন রাতে এনবিআর ১৬ অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়। গত বছর নয় লাখ দুই হাজার ৫ জন টিআইএনধারী আয়কর বিবরণী জমা দিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২১৫৮ ঘ.