ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংক যতো দ্রুত সম্ভব পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে অচলাবস্থা নিরসনের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ১৩ অক্টোবর কথা হয়েছে আমার। আমি তাকে বলেছি, এটা আমাদের দরকার।"
"তিনি যতো দ্রুত সম্ভব পদ্মা সেতু নিয়ে অচলাবস্থা নিরসনের আশ্বাস দিয়েছেন", যোগ করেন দীপু মনি।
পদ্মা সেতু প্রকল্প তদারকির জন্য প্রাক নির্বাচনী তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের 'দুর্নীতি'র তদন্তে বিশ্বব্যাংক কানাডা পুলিশকে অনুরোধ করলে পদ্মা সেতুতে 'দুর্নীতি'র বিষয়টি প্রকাশ্য হয়।
এরপর বিশ্বব্যাংক কয়েকদিন আগে অর্থায়ন স্থগিতের কথা জানায়। দেশের সর্ববৃহৎ এ নির্মাণ প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণের প্রতিশ্র"তি দিয়েছিল সংস্থাটি।
কথিত সেই দুর্নীতি নিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দিকেও অভিযোগের আঙুল ওঠে। বদলি করা হয় সেতু বিভাগের সচিবকে। অবশ্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের কাছে দাবি করেন, এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। এ বিষয়ে সরকার একটি প্রেসনোট দেবে বলেও জানিয়েছিলেন তিনি।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার মতো কিছু এখনো ঘটেনি।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। বিশ্বব্যাংক ছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এ সেতু নির্মাণের জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৬৩৪ ঘ.
bdnews24