২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর সামনে 'আমরণ' অনশন

লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ডিএসইর সাধারণ সূচক কমেছে ৫৭ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 05:48 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত দু' সপ্তাহের দরপতনের পর চলতি সপ্তাহেও দরপতন দিয়েই লেনদেন শুরু হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এদিকে বাজার স্থিতিশীল করার দাবিতে রোববার সকাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে আমরণ অনশন শুরু করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। রোববার লেনদেন শুরুর এক ঘণ্টা পর ১২টা ১ মিনিটে ডিএসইর সাধারক সূচক প্রায় ৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ৫১১ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়ায়। ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম কমেছে ১৯৪টির, বেড়েছে ২১টির। অপরিবর্তিত ছিল ৭টির দাম। গত দু সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমেছে ৩৪১ দশমিক ৮৪ পয়েন্ট। গত সপ্তাহে ব্যাপক দরপতন দিয়ে লেনদেন শুরু হয় ঢাকার পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম দিন রোববার সাধারণ সূচক কমে প্রায় ১৯৪ পয়েন্ট। এরপর সোমবার ১৫ ও মঙ্গলবার ২২৬ পয়েন্ট কমে যায় সূচক। অব্যাহত দরপতনে গত সপ্তাহের শুরুতেই রাস্তায় নামে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। দরপতন ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে তারা। দরপতন এবং আন্দোলন বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সরকারের শীর্ষ পর্যায়ও পুঁজিবাজার নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন বুধবার দিনভর বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের খায়রুল হোসেন জানান, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে পুনরায় আয়কর রেয়াত পাওয়া যাবে এবং ব্রোকারেজ কমিশনের উৎসে আয়কর কমানো হচ্ছে। এছাড়া মিউচুয়াল ফান্ডের ওপর আরোপিত কর কমানোর বিষয়টি এনবিআর বিবেচনা করছে বলে জানান তিনি। ওইদিন বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করে পুঁজিবাজারে তারল্য সংকট কমানোর প্রস্তাব দেয় এসইসি। বুধবার লেনদেন শুরুর ২৫ মিনিটের মধ্যেই ডিএসই সাধারণ সূচক ১৫৪ পয়েন্ট কমে ৫ হাজার ১৩৯ পয়েন্ট হয়, যা প্রায় দুবছর আগের অবস্থানের সমতুল্য। ২০১০ সালের ২১ জানুয়ারি ডিএসই সাধারণ সূচক ছিল ৫ হাজার ৯৫ দশমিক ২১ পয়েন্ট। তবে এসইসির পদক্ষেপের ঘোষণায় বুধবারই বাজার ঘুরে দাঁড়ায়। দিনশেষে সাধারণ সূচকে ৬৬ পয়েন্ট যোগ হয়। এরপর সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার যোগ হয় ২০৯ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/জেকে/১২১৯ ঘ.