ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাওনা নিয়ে গ্রামীণফোনের সঙ্গে বিটিআরসির বিরোধের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্রেডারিক বাকসাস।
শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা না থাকলেও ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত রাগনে বির্টে লুন্ডের সঙ্গে শনিবার তিনিও গণভবনে যান বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
তবে গ্রামীণফোনের কাছে পাওনা টাকা চেয়ে বিটিআরসির চিঠির বিষয়ে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কেউ কিছু বলেননি।
প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, বৈঠকে গ্রামীণফোনের পক্ষ থেকে বাংলাদেশে তাদের ব্যবসার ভবিষ্যত নিয়ে সংশয় প্রকাশ করা হয়। শেখ হাসিনা গ্রামীণফোন প্রতিনিধিকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশে তাদের ব্যবসা নিয়ে শঙ্কা প্রকাশ করার কিছু নেই।
তবে প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশি বিনিয়োগকারীদের অবশ্যই বাংলাদেশের আইন মেনেই ব্যবসা করতে হবে।
দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের অধিকাংশ শেয়ারের মালিক নরওয়েভিত্তিক প্রতিষ্ঠান টেলিনর।
একটি নিরীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করে গ্রামীণফোনের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৩ হাজার ৩৪ কোটি টাকা পাওনা চেয়ে গত ৩ অক্টোবর চিঠি দিলে বিরোধের সূত্রপাত হয়।
পরদিন গ্রামীণফোন সংবাদ সম্মেলন করে বলে, যে নিরীক্ষার ভিত্তিতে গ্রামীণফোনকে সরকার ৩ হাজার কোটি টাকা পরিশোধ করতে বলেছে তা 'ভুল ধারণার ভিত্তিতে' হয়েছে।
এরপর এ বিষয়ে কথা বলতে গ্রামীণফোনকে পুনরায় চিঠি পাঠায় বিটিআরসি। গ্রামীণফোনের একটি প্রতিনিধি দল গত ১০ অক্টোবর বিটিআরসি যায়।
তবে আলোচনায় বসার শর্ত হিসেবে পাওনা চেয়ে বিটিআরসির পাঠানো চিঠি প্রত্যাহারের আহ্বান জানায় গ্রামীণফোন। এরপর বিটিআরসি জানায়, এখন তারা আইনি পথে এগোবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০২৭ ঘ.
bdnews24