২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর 'দুর্নীতি' নিয়ে প্রেসনোট আসছে

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতের প্রেক্ষাপটে সার্বিক বিষয় ব্যাখ্যা করে এ সপ্তাহে প্রেসনোট দেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 06:07 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতের প্রেক্ষাপটে সার্বিক বিষয় ব্যাখ্যা করে এ সপ্তাহে প্রেসনোট দেবে সরকার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শনিবার এ তথ্য জানিয়েছেন। তবে সরকার বরাবরই বলে আসছে, এখন পর্যন্ত এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। এদিকে পদ্মা সেতু নিয়ে একটি বিবৃতি দিয়েছে বিশ্বব্যাংক। বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বব্যাংক সব সময়ই স্বচছতায় বিশ্বাস করে। প্রতিটি ক্ষেত্রে যেন বাংলাদেশের জনগণ বিশ্ব্যাংকের সহায়তার পুরোটাই পায়- সে বিষয়টি নিশ্চিত করতে চায় তারা। রাজধানীর ওয়েস্টিন হোটেলে বিশ্ব উন্নয়ন রিপোর্ট- ২০১২ প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, "আমি আগেও বলেছি, পদ্মা সেতু নিয়ে সরকারের পক্ষ থেকে একটি প্রেসনোট দেওয়া হবে। এ সপ্তাহেই তা দেওয়া হবে।" এরপর বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন সাংবাদিকদের সামনে পদ্মা সেতু নিয়ে তার সংস্থার বিবৃতি পড়ে শোনান। এতে বলা হয়, "পদ্মা সেতু সংক্রান্ত যাবতীয় তথ্য ইতোমধ্যেই সরকারকে জানানো হয়েছে। আমাদের সম্পদের যাতে যথাযথ ব্যবহার হয় এবং সুশাসনের পরিবেশ নিশ্চিত হয়- সে বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বিশ্বব্যাংক কাজ করছে। "বিশ্ব্যাংকের সহায়তায় বাংলাদেশে সব কিছুই যাতে স্বচ্ছতার সঙ্গে হয়- সে ব্যাপারে আমরা দৃঢপ্রতিজ্ঞ। যাতে করে বাংলাদেশের জনগন বিশ্বব্যাংকের সহায়তার পুরোটাই পায়।" পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে এ প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে বিশ্বব্যাংক। দেশের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্প পদ্মা সেতু তৈরিতে সবচেয়ে বেশি ১২০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। পদ্মা সেতু প্রকল্প তদারকির জন্য প্রাক নির্বাচনী তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের 'দুর্নীতি'র তদন্তে বিশ্বব্যাংক কানাডা পুলিশকে অনুরোধ করলে পদ্মা সেতুতে 'দুর্নীতি'র বিষয়টি প্রকাশ্য হয়। এরপর বিশ্বব্যাংক কয়েকদিন আগে বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিতের কথা জানায়। তবে বুধবার বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইনের সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, পদ্মা সেতু নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটবে শিগগিরই। মুহিত বৃহস্পতিবারও একই আশা প্রকাশ করে বলেন, "পদ্মা সেতুর কাজ আমরা অবশ্যই শুরু করতে পারবো। তবে হয়তো শেষ (বর্তমান সরকারের মেয়াদে) করতে পারবো না।" কথিত দুর্নীতি নিয়ে যার দিকে অভিযোগের আঙুল, সেই যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনও বুধবার সাংবাদিকদের বলেন, যারা পদ্মা সেতু বাস্তবায়ন চায় না, তারাই এ নিয়ে নানা ভিত্তিহীন অভিযোগ করছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। বিশ্বব্যাংক ছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এ সেতু নির্মাণের জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২০৩৪ ঘ.