ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপতন দিয়ে গত সপ্তাহ শুরু হলেও শেষের দু' কর্মদিবসে সূচক বৃদ্ধির মধ্য দিয়েই লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার।
গত সপ্তাহে ৫ কার্যদিবসে (৯ থেকে ১৩ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৫৯ দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৮ দশমিক ৩৬ পয়েন্টে।
তার আগের সপ্তাহে চার কার্যদিবসে (২ থেকে ৫ অক্টোবর) ডিএসই সাধারণ সূচক ১৮২ দশমিক ৪০ পয়েন্ট কমে হয়েছিল ৫ হাজার ৭২৭ দশমিক ৮০ পয়েন্ট।
এ নিয়ে গত দু সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমেছে ৩৪১ দশমিক ৮৪ পয়েন্ট।
গত সপ্তাহে ব্যাপক দরপতন দিয়ে লেনদেন শুরু হয় ঢাকার পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম দিন রোববার সাধারণ সূচক কমে প্রায় ১৯৪ পয়েন্ট। এরপর সোমবার প্রায় ১৫ ও মঙ্গলবার প্রায় ২২৬ পয়েন্ট কমে।
অব্যাহত দরপতনে রোববার থেকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। তারা পুঁজিবাজারে দরপতন ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে।
দরপতন ও আন্দোলন বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সরকারের শীর্ষ পর্যায়ও পুঁজিবাজার নিয়ে চিন্তিত হয়ে পড়ে।
বুধবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) কমিশনের চেয়ারম্যান বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন।
বুধবার লেনদেন শুরুর ২৫ মিনিটের মধ্যেই ডিএসই সাধারণ সূচক ১৫৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ১৩৯ পয়েন্টে, যা প্রায় দুবছর আগের অবস্থানে চলে আসে। ২০১০ সালের ২১ জানুয়ারি ডিএসই সাধারণ সূচক ছিল ৫ হাজার ৯৫ দশমিক ২১ পয়েন্ট। এর পরেই এটা সর্বনিু সূচক।
কিন্তু এসইসির কয়েকটি ঘোষণায় ওইদিনই বাজার ঘুরে দাঁড়ায়। দিনশেষে সাধারণ সূচকে ৬৬ পয়েন্ট যোগ হয়। এরপর সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার যোগ হয় ২০৯ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসই বাজার মূলধন তার আগের সপ্তাহের তুলনায় কমেছে ৫ হাজার ৮৪৩ কোটি টাকা। তবে গত সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ তার আগের সপ্তাহের চেয়ে বেড়েছে ১৯ দশমিক ৭৭ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমেছে ২২৩টির, বেড়েছে ৩১টির, অপরিবর্তিত রয়েছে ১২টির।
লেনদেনের শীর্ষে ছিল- লাফার্জ সুরমা, বেক্সিমকো লিমিটেড, প্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, তিতাস গ্যাস, ন্যাশনাল ব্যাংক, সামিট পাওয়ার, এম আই সিমেন্ট, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক ও মবিল যমুনা লুব্রিকেন্টস বালাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এমআই/২০৪০ ঘ.
bdnews24