২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে দেশে আসছে টাটা ন্যানো

আগামী জানুয়ারি থেকে বাংলাদেশের বাজারে প্রবেশ করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে কম দামি গাড়ি টাটা ন্যানো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জানুয়ারি থেকে বাংলাদেশের বাজারে প্রবেশ করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে কম দামি গাড়ি টাটা ন্যানো। বাংলাদেশের বাজারে এ গাড়ি বিক্রির জন্য ইতোমধ্যে সমীক্ষা শুরু করেছে বাংলাদেশে টাটার একমাত্র পরিবেশক নিটল নিলয় গ্রুপ। টাটা ন্যানোর বাংলাদেশে বিক্রির সম্ভাব্য দাম নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯৯ হাজার টাকা। তবে ক্রেতারা এ দাম বেশি মনে করছে বলে জানালেন নিটল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ। ‍শনিবার রাজধানীতে এক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টাটার সঙ্গে আরো দর কষাকষি করে ভালো দামে সহজ শর্তে বিশালভাবে সহসাই টাটা ন্যানো বাংলাদেশে বাজারজাত করবো বলে আশা করছি।" "আমরা আশা করছি আগামী জানুয়ারি থেকে বাংলাদেশে যাত্রা শুরু করবে ন্যানো।" এদিন রাজধানীর হোটেল অবকাশে প্রথমবারের মতো শুরু হয় 'গাড়ি-বাড়ি লোন মেলা'। প্রতি শনিবার আয়োজিত এ মেলায় ফ্ল্যাট ও গাড়ি কিনতে ঋণ দেওয়া হবে। মেলায় নিটলের স্টলে ন্যানোর মূল্য ও ন্যানো কিনতে ঋণ নেওয়া বিষয়ে সম্ভাব্য ক্রেতাদের মতামত নেওয়া হচ্ছে। কেউ ন্যানো কিনতে আগ্রহী হলে বিনা পয়সায় অগ্রিম বুকিংও নেওয়া হচ্ছে। মেলায় গাড়ি বাড়ি কিনতে ঋণ দিচ্ছে ফ্যাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। অনুষ্ঠানে কোম্পানিটির চেয়ারম্যান আবদুল মাতলুব বলেন, "আগামী ২ বছরে গাড়ি ও বাড়ি খাতে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ফ্যাস ফাইন্যান্স।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৮৫৬ ঘ.