২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংক নিয়ে উদ্বেগ হিলারির

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকে গ্রামীণ ব্যাংক নিয়ে উদ্বেগের কথা সরাসরি জানিয়েছেন হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 04:22 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকে গ্রামীণ ব্যাংক নিয়ে উদ্বেগের কথা সরাসরি জানিয়েছেন হিলারি ক্লিনটন। বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন দীপু মনি। ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন সৃষ্টির পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় বসলেন। বৈঠকের প্রারম্ভে গ্রামীণ ব্যাংক নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথা সরাসরি জানিয়ে হিলারি বলেন, "বাংলাদেশ সরকারকে আমরা এ উদ্বেগের কথা জানিয়েছি। আমরা আশা করছি, গ্রামীণ ব্যাংক আগের মতোই বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করে যেতে পারবে।" মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে হিলারির এ বক্তব্য প্রকাশিত হয়েছে। হিলারি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে থেকে ক্লিনটন পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ড. ইউনূস। এ বছররের শুরুতে নোবেলজয়ী ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরকার অব্যাহতি দিলে ওয়াশিংটন উষ্মা প্রকাশ করে। ওয়াশিংটনের অবস্থান ব্যাখ্যা করতে রবার্ট ব্লেক তখন ঢাকা সফর করেন। তিনি তখন বলেছিলেন, গ্রামীণ ব্যাংক জটিলতার অবসান না ঘটলে না ঢাকা-ওয়াশিংটন সম্পর্কেও প্রভাব ফেলবে। তবে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে সরকার তার অবস্থানে অটল থাকে। হিলারির বক্তব্যের পর দীপু মনি বলেন, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ আইন অনুযায়ী সব ধরনের স্বাধীনতা ভোগ করছে। এটি আগের মতোই তার কাজ করে যাবে। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন মত প্রকাশের অধিকার যেন বাধাগ্রস্ত না হয়, তার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হিলারি। বাংলাদেশের ভবিষ্যত গড়তে এনজিও কার্যক্রমের গুরুত্বের কথাও তুলে ধরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করার ওপর জোর দেন হিলারি। তিনি আশা করছেন, এতে অর্থনেতিক সম্পর্ক প্রসারের ক্ষেত্রে বাধাগুলো কেটে উঠবে, আর তাতে উপকৃত হবে জনগণ। সন্ত্রাস মোকাবেলা যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন হিলারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১০১৮ ঘ.