২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নারী শ্রমিকদের ডরমিটরি দেবে বিজিএমইএ

চট্টগ্রামে তৈরি পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের জন্য আবাসিক ভবন (ডরমিটরি) নির্মাণ করছে পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমইএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 04:37 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে তৈরি পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের জন্য আবাসিক ভবন (ডরমিটরি) নির্মাণ করছে পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমইএ। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এ প্রকল্প বাস্তবায়ন করবে। বিজিএমইএ'র যুগ্ম সচিব মঈন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নগরীর সল্টগোলা এলাকায় ছয় তলা বিশিষ্ট পাঁচটি ভবন নিজস্ব জমিতে (শূন্য দশমিক ৬০ একর) নির্মাণ করবে সিডিএ কর্তৃপক্ষ।" বৃহস্পতিবার বিকালে সিডিএ'র সম্মেলন কক্ষে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম ও বিজিএমইএ'র সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী এ বিষয়ে এক চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী আবাসিক ভবন নির্মাণের প্রাক্কলিত ব্যয়ের ১০ শতাংশ (২ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার টাকা) এ সময় সিডিএ'কে হস্তান্তর করা হয়। পরবর্তীতে সিডিএ'র কাছ থেকে এসব ভবন নিয়ে বিভিন্ন গার্মেন্ট মালিকদের কাছে বিক্রি করবে বিজিএমইএ। সিডিএ আগামী দুবছরের মধ্যে এসব ভবন বিজিএমইএ'র কাছে হস্তান্তর করবে বলে জানান তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিজিএমইএ'র পরিচালক নাফিদ নবী, কাজী মাহবুব উদ্দিন জুয়েল, প্রাক্তন প্রথম সহ-সভাপতি শাহাবুদ্দিন আহাম্মদ চৌধুরী, সিডিএ'র বোর্ড সদস্য মফিজুর রহমান ও ইউনুস গণি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/২২৩১ ঘ.