২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে বিনিয়োগে আয়কর রেয়াত

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে পুনরায় আয়কর রেয়াত পাওয়া যাবে। এছাড়া মিউচুয়াল ফান্ডের ওপর আরোপিত কর ও ব্রোকারেজ কমিশনে উৎসে আয়কর কমানো হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 07:48 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে পুনরায় আয়কর রেয়াত পাওয়া যাবে। এছাড়া মিউচুয়াল ফান্ডের ওপর আরোপিত কর ও ব্রোকারেজ কমিশনে উৎসে আয়কর কমানো হচ্ছে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠকের পর এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন। এছাড়া পুজিবাজারে কালো টাকা বিনিয়োগের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না বলে এনবিআর স্পষ্টভাবে জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় কমিশনের সব সদস্য উপস্থিত ছিলেন। তিনি বলেন, "পুঁজিবাজারের বিনিয়োগ করা হলে তার ওপর আগে আয়কর রেয়াত দেওয়া হতো। কিন্তু চলতি বাজেটে এ কর রেয়াত সুবিধা তুলে দেওয়া হয়। এনবিআর জানিয়েছে, শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে দু'একদিনের মধ্যে পুনরায় কর রেয়াত দেওয়ার ঘোষণা দেবে তারা।" "এছাড়া স্টক এক্সচেঞ্জের মেম্বারদের পাওয়া কমিশনের ওপর উৎসে আয়করের হার কমানো হবে বলেও এনবিআর জানিয়েছে," বলেন তিনি। চলতি বাজেটে স্টক এক্সচেঞ্জের সদস্যদের পাওয়া কমিশনের ওপর উৎসে আয়কর হার দশমিক ০৫ শতাংশ থেকে বাড়িয়ে দশমিক ১০ শতাংশ করা হয়েছে। এসইসি চেয়ারম্যান বলেন, "এ কর কমিয়ে আবার আগের অবস্থানে নেওয়া হবে বলে এনবিআর আশ্বস্ত করেছে।" এই সুবিধা যাতে প্রত্যেক বিনিয়োগকারী পান, সেই বিষয়টি এসইসি নিশ্চিত করবে। তিনি বলেন, "কোনো ব্রোকারেজ হাউজ তার বিনিয়োগকারীদের এই সুবিধা না দিলে, সে ব্রোকারেজ হাউজ বন্ধ করে দেব।" পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগ করা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, "এনবিআর স্পষ্ট করে বলেছে, পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগ করা হলে তার উৎস নিয়ে কোনো প্রশ্ন করা হবে না। এর আগে যেমন ছিল, সেই সুবিধা এখনও রয়েছে।" এছাড়া মিউচুয়াল ফান্ডের ওপর চলতি বাজেটে আরোপ করা করের হার কমানোর বিষয়টি এনবিআর বিবেচনা করছে বলেও জানান খায়রুল হোসেন। এসইসি চেয়ারম্যান বলেন, "শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায় বিচলিত। উত্থান-পতন বাজারের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কিছুদিন ধরে পুজিবাজারে যে নিন্মমুখী প্রবনতা রয়েছে, তাতে আপনাদের মতো আমরাও চিন্তিত। এর ধারাবাহিকতায় গতকাল সরকারের অর্থমন্ত্রী ও আরো উচ্চপর্যায়ে কথা হয়েছে।" "সেখান থেকে আমাকে মেসেজ দেওয়া হয়েছে যে, তারা একটি স্থিতিশীল পুঁজিবাজার দেখতে চান। সেখানে আমার কাছে তারা জানতে চেয়েছেন, কি হচ্ছে এবং কি কি ব্যবস্থা নিলে একটি শক্তিশালী ভিতের উপর পুঁজিবাজার দাঁড়াবে। তারই পদক্ষেপ হিসেবে আজকে এনবিআরের সঙ্গে বৈঠক হয়েছে।" পূর্ণগঠিত কমিশনের প্রায় ছয় মাস পূর্ণ হতে চলেছে। এই ছয় মাসে বাজার পরিস্থিতির উন্নতি তো হয়নি, বরং ক্রমশ খারাপ হচ্ছে। এক্ষেত্রে কমিশন নিজেদের সফল বলে মনে করে কিনা জানতে চাইলে, সদস্য হেলালউদ্দিন নেজামী বলেন, "সেটা বলার এখনো সময় আসেনি।" তবে কমিশন চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, "আমরা বাজার উন্নতির জন্যে নানা পদক্ষেপ নিয়েছি। আমরা আসার পরে একটা আশা জেগেছিল। এক সময় তো বাজার বেশ ভালো হয়েছিল। ১ হাজার ৯০০ কোটি টাকার লেনদেন হয়েছে। এর পরে মামলা হয়েছে, কালো টাকা নিয়ে নানা ভুলভ্রান্তি হয়েছে। তবে আমরা বাজারের উন্নতির জন্যে আইনকানুন পরিবর্তন করেছি। নানা পদক্ষেপ নিয়েছি। তবে সেগুলোর কাঙ্খিত সুফল পেতে একটু সময় লাগবে। আমরা মনে করি, আমরা সঠিক পথেই রয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/এসইউ/১৭৫০ ঘ.