২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ কোম্পানির ফেস ভ্যালু বদলানোর ঘোষণা

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) পরিবর্তনের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত তিনটি কোম্পানি। পাশাপাশি বাজার লট পরিবর্তনেরও ঘোষণা দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 07:04 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) পরিবর্তনের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত তিনটি কোম্পানি। পাশাপাশি বাজার লট পরিবর্তনেরও ঘোষণা দিয়েছে তারা। কোম্পানিগুলো হলো, স্টান্ডার্ড ব্যাংক, কে অ্যান্ড কিউ ও দুলা মিয়া কটন। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিগুলো জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী, তাদের শেয়ারের অভিহিত মুল্য ১০০ টাকার পরিবর্তে ১০ টাকা করবে তারা। স্ট্যান্ডার্ড ব্যাংক ৫০টির পরিবর্তে ২৫০টি লট, কে অ্যান্ড কিউ ৫০টির পরিবর্তে ১০০টির এবং দুলা মিয়া কটন ১০টির পরিবর্তে ১০০টির সমন্বয়ে বাজার লট করবে। অভিহিত মূল্য পরিবর্তন ও নতুন করে বাজার গড়ার বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার জন্য অতিরিক্ত সাধারণ সভাও (ইজিএম) ডেকেছে কোম্পানিগুলো। ১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার জন্য ১৫ সেপ্টেম্বর আদেশ জারি করে এসইসি। এসইসির আদেশ অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নয়, তাদের জন্য আগামী ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ৪ ডিসেম্বর থেকে ১০ টাকা অভিহিত মূল্যে সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১২১৮ ঘ.