আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যিক ব্যাংকগুলো ডলারের বিপরীতে টাকার মূল্য নির্ধারণ করেছে। এতে আমদানিকারকদের জন্য ডলারের দর বাড়লেও রপ্তানি ও রেমিটেন্সে এ দর কমছে।
বৈদেশিক মুদ্রা লেনদেনকারি ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স এসোসিয়েশন (বিএএফইডিএ) কাকরাইলে সংগঠন কার্যালয়ে ডলারের বিপরীতে টাকার মূল্য নির্ধারণ করে সোমবার রাতে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে আমদানি পর্যায়ে প্রতি ডলারের দর কোনো অবস্থাতেই ৭৬ টাকার বেশি হবে না। আর রেমিটেন্স ও রপ্তানির ক্ষেত্রে এ দর ৭৫ টাকার বেশি হবে না।
রাতে বৈঠক শেষে এসোসিয়েশনের সভাপতি এবং সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল করতে বুধবার কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া এক নির্দেশনার পর এ সিদ্ধান্ত নিলো বৈদেশিক মুদ্রা লেনদেনকারি ব্যাংকগুলোর সংগঠন বিএএফইডিএ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার মুদ্রাবাজারে প্রতি ডলার বিক্রি হয় ৭৫ টাকা ৫০ পয়সায়, ক্রয়মূল্য ছিলো ৭৫ টাকা ৪৮ পয়সা।
রাষ্ট্রায়ত্ত্ব খাতে সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালি ব্যাংক ডলার কিনেছে ৭৫ টাকা ৬০ পয়সায়, বিক্রি করেছে ৭৫ টাকা ৫০ পয়সায়।
তবে ভিন্ন চিত্র দেখা গেছে বেসরকারি ব্যাংকগুলোর ডলার লেনদেন হারে।
উত্তরা ব্যাংক প্রতি ডলার কিনেছে ৭৫ টাকা ৯৫ পয়সায়, বিক্রি করেছে ৭৪ টাকা ৯৫ পয়সায়। বিদেশি ব্যাংক হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনে (এইচএসবিসি) ডলার কেনা ও বেচার দর ছিলো যথাক্রমে ৭৫ টাকা পাঁচ পয়সা ও ৭৬ টাকা পাঁচ পয়সা।
গত এক বছরে টাকার বিপরীতে ডলারের দর সাত শতাংশের বেশি বেড়েছে। গত এক মাসেই বেড়েছে দুই শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২২১৬ ঘ.
bdnews24