২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ফান্ডের বিক্রি শুরু

পুঁজিবাজারে বিনিয়োগের জন্য গঠিত বাংলাদেশ ফান্ডের পাবলিক ইউনিট বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 02:16 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ পুঁজিবাজারে বিনিয়োগের জন্য গঠিত বাংলাদেশ ফান্ডের পাবলিক ইউনিট বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার বিকেলে হোটেল র‌্যাডিসনে বাংলাদেশ ফান্ডের সাড়ে ৩ হাজার কোটি টাকার ইউনিট বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। অনুষ্ঠানে এবি ব্যাংক ও ঢাকা ব্যাংকের কাছে ২০ কোটি করে ৪০ কোটি টাকার ইউনিট বিক্রি করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মশিউর রহমান বলেন, "বাংলাদেশ ফান্ড গঠন একটি ভালো উদ্যোগ। আরো আগে এটি করতে পারলে ভালো হতো।" বাজারের টানা দরপতনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৬ মার্চ পাঁচ হাজার কোটি টাকার মেয়াদহীন 'বাংলাদেশ ফান্ড' গঠনের ঘোষণা দেয় আইসিবি। এর উদ্যোক্তা ৮টি প্রতিষ্ঠান দেড় হাজার কোটি টাকার যোগান দিয়েছে। বাকি টাকা বাজার থেকে সংগ্রহ করা হবে। বাংলাদেশ ফান্ড পুঁজিবাজারের স্থিতিশীলতা আনতে সহায়ক হবে বলে মনে করেন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন। অনুষ্ঠানে তিনি বলেন, "বাংলাদেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেশি নেই। এখানে মোট বিনিয়োগের ১০ থেকে ২০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। আর মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগ মাত্র ১ শতাংশ।" পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংখ্যা বেশি জানিয়ে এসইসি চেয়ারম্যান বলেন, "অথচ ভারতে মোট বিনিয়োগের প্রায় ৪০ শতাংশ করে মিউচুয়াল ফান্ডগুলো। বিশ্বের অন্যান্য দেশেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অনেক বেশি।" বাংলাদেশ ফান্ড পুঁজিবাজারকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সহায়তা করবে উল্লেখ করে তিনি বলেন, "আইসিবির দক্ষ সেবার মাধ্যমে এ ফান্ড বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিতে পারবে।" বাংলাদেশ ফান্ডের ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান বলেন, "এটি মেয়াদহীন হওয়ার কারণে ফান্ডের আকার নির্ধারিত নয়। প্রাথমিকভাবে ৫ হাজার কোটি টাকা দিয়ে শুরু হলেও এর আকার বাড়ানোর সুযোগ রয়েছে।" এ ফান্ড দিয়ে পুঁজিবাজারে স্থিতিশীলতা আনা সম্ভব হবে মন্তব্য করে তিনি বলেন, "বাজারে যখন সংকট দেখা দিবে তখন এ ফান্ড দিয়ে শেয়ার কেনা হবে। সেজন্য এ ফান্ডের বিষয়ে সরকারের কাছে কিছু প্রণোদনা চাওয়া হয়েছে।" উদ্যোক্তা আটটি প্রতিষ্ঠানের মধ্যে আইসিবি ছাড়াও রয়েছে, রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক (সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা), জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। ফান্ডের প্রতিটি ইউনিটের দাম ১ হাজার টাকা। একশটির প্রতিটি লট কিনতে লাগবে এক লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউজগুলোতে এ শেয়ার কেনাবেচা করা যাবে। উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন শাখা থেকে ফান্ডের ইউনিট কেনা যাবে। বাংলাদেশ ফান্ডের পাবলিক ইউনিট বিক্রির উদ্বোধন করার কথা ছিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। কিন্তু তিনি 'রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ' কাজে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে জানান ফায়েকুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/২০০২ ঘ.