২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে চালু হলো সিটিএমএস

চট্টগ্রাম বন্দরে পরীক্ষামূলকভাবে চালু হল কন্টেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি সিটিএমএস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে পরীক্ষামূলকভাবে চালু হল কন্টেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি সিটিএমএস। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে সিঙ্গাপুর ও এন্টিগুয়ার পতাকাবাহী দুটি জাহাজের কন্টেইনার এন্ট্রি করার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম বন্দরের সিটিএমএস (কন্টেইনার টার্মিনাল ম্যানেজম্যান্ট সিস্টেম) প্রকল্পের পরিচালক খায়রুল মোস্তফা বলেন, "সিঙ্গাপুর থেকে 'এমভি নদার্ন হারমোনি' ৯৬৮ ইউনিট (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের) কন্টেইনার এবং কলম্বো বন্দর থেকে ৮৩৫ ইউনিট কন্টেইনার নিয়ে 'এমভি কুরিয়ার' নামক জাহাজ দুটি বন্দরের সিসিটি জেটিতে ভেড়ে।" এ দুটি জাহাজের কন্টেইনার এন্ট্রির মাধ্যমে সিটিএমএস পরীক্ষামূলকভাবে চালু হয়। মঙ্গলবার এনসিটি জেটিতে ৯১০ ইউনিট কন্টেইনার নিয়ে মালয়শিয়া থেকে আসা পানামার পতাকাবাহী 'এমভি কৌ ফো' নামে আরেকটি জাহাজও এর আওতায় পরিচালিত হবে। এছাড়া চট্টগ্রাম বন্দরে যে সব রপ্তানমিুখী পণ্যবাহী কন্টেইনার ঢুকেছে তাও সিটিএমএস'রর আওতায় এন্ট্রি হয়েছে বলে জানান খায়রুল মোস্তফা। তবে বিজিএমইএ'র রপ্তানিমুখী সব কন্টেইনার এর আওতার বাইরে রয়েছে। তিনি বলেন, "১৩ নভেম্বর থেকে বিজিএমইএ'র পোশাকবাহী কন্টেইনারও এর আওতায় পরিচালিত হবে।" এর আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সিটিএমএস চালুর ঘোষণা দিলেও বিজিএমইএ নেতাদের দাবির মুখে দুইদফায় পেছায়। দেশের ভেতরে সামগ্রিক অবকাঠামোর বিষয়টি বিবেচনায় এনে পোশাক মালিক সংগঠনের নেতারা তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বর্তমানে চালু কাট-অফ টাইম (পণ্য জাহাজীকরণের সময়সীমা) শিথিলকরণের প্রক্রিয়া বাতিলের পক্ষে নন। সিটিএমএস প্রক্রিয়ায় জেটিতে জাহাজ ভেড়ার ২৪ ঘণ্টা আগে পণ্যভর্তি কন্টেইনার বন্দরে জমা দিতে হবে। বর্তমানে কাট অফ টাইমের সুবিধায় তৈরি পোশাক মালিকরা বন্দরে জাহাজ ভেড়ার ২৪ ঘণ্টা পর কন্টেইনার জমা দেন। সিটিএমএস প্রক্রিয়ায় কন্টেইনারের অবস্থান সহজেই অনলাইনে জানা যাবে। এই ব্যবস্থায় বন্দরের দক্ষতা এবং কন্টেইনার রাখার জায়গা ৫০ শতাংশ পর্যন্ত বাড়বে বলে বন্দর কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯৫৭ ঘ.