২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টু-জি লাইসেন্স নবায়নে চার কোম্পানির আবেদন

দ্বিতীয় প্রজন্মের (টু-জি) মোবাইল সেবা পরিচালনার লাইসেন্স নবায়নের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আবেদন জমা দিয়েছে চার অপারেটর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 12:42 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় প্রজন্মের (টু-জি) মোবাইল সেবা পরিচালনার লাইসেন্স নবায়নের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আবেদন জমা দিয়েছে চার অপারেটর। বিটিআরসি মহাপরিচালক (লিগ্যাল এন্ড লাইসেন্স) এ কে এম শহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে গ্রামীণফোন এবং বিকেলে রবি ও সিটিসেল লাইসেন্স নবায়নের আবেদন করেছে। আর বাংলালিংক জমা দিয়েছে রোববার। আবেদনগুলো এক সপ্তাহের মধ্যে মূল্যায়ন করা হবে জানিয়ে শহিদুজ্জামান বলেন, "মূল্যায়নের পর অপারেটরদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।" বিটিআরসির মূল্যায়নের চিঠি পাওয়ার পর পনের দিনের মধ্যে লাইসেন্স নবায়নের জন্য ফি দিতে হবে সংশ্লিষ্ট অপারেটরদের। সব ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর অপারেটরদের এই চিঠি পাঠানো হতে পারে বলে শহিদুজ্জামান জানান। তিনি বলেন, "আগামী নভেম্বরের ৯ অথবা ১০ তারিখে আনুষ্ঠানিকভাবে বিটিআরসির পক্ষ থেকে অপারেটরদের লাইসেন্স নবায়ন করা হবে।" টু-জি লাইসেন্স নবায়নের জন্য গত ১১ সেপ্টেম্বর চূড়ান্ত নীতিমালা প্রকাশ করে বিটিআরসি। এই নীতিমালা অনুয়ায়ী ১১ অক্টোবরের মধ্যে অপারেটরদের আবেদন করতে বলা হয়। নীতিমালায় সব ধরনের তরঙ্গের (স্পেকট্রাম) মূল্য একই রাখা হয়েছে। তবে 'মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর' (এমসিএফ) বিচার করে গ্রামীণফোনকে সবচেয়ে বেশি এবং সিটিসেলের জন্য সবচেয়ে কম নবায়ন ফি ধার্য করা হয়েছে। স্পেকট্রাম ফি পরিশোধ করতে হবে দেড় বছরে চার কিস্তিতে। প্রথম কিস্তির টাকা জমা দিতে হবে ২ নভেম্বরের মধ্যে। গত ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এক সভায় স্পেকট্রাম চার্জ নির্ধারণ করা হয়। জিএসএম ও সিডিএমএ ব্যান্ডের জন্য মেগাহার্জ-প্রতি ফি নির্ধারণ করা হয় ১৫০ কোটি টাকা। ১৪ দশমিক ৬ মেগাহার্জ স্পেকট্রামের জন্য গ্রামীণফোনকে লাইসেন্স নবায়নের জন্য তিন হাজার ২৪১ কোটি দুই লাখ টাকা; বাংলালিংককে ১২ দশমিক ৪ মেগাহার্জের জন্য এক হাজার ৯৭১ কোটি ৬০ লাখ; রবিকে ১২ দশমিক ৮ মেগাহার্জের জন্য এক হাজার ৯০০ কোটি ৮০ লাখ ও সিটিসেলকে ৮০০ ব্যান্ডের ১০ মেগাহার্জে স্পেকট্রামের জন্য ৪৫০ কোটি টাকা দিতে হবে। নীতিমালা অনুসারে, এই টাকার ৪৯ শতাংশ আবেদনের ১৫ দিনের মধ্যে, ১৭ শতাংশ ১৮০ দিনের মধ্যে, আরো ১৭ শতাংশ ৩৬০ দিনের মধ্যে এবং শেষ কিস্তি হিসেবে বাকি ১৭ শতাংশ ৫৪০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। লাইসেন্স নবায়নের জন্য আবেদন ফি এক লাখ টাকা, নবায়ন ফি ১০ কোটি টাকা এবং বার্ষিক ফি পাঁচ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে এ নীতিমালায়। দেশে বর্তমানে পাঁচটি জিএসএম ও একটি সিডিএমএ অপারেটর মোবাইল ফোন সেবা দিচ্ছে। বিটিআরসির হিসাবে বর্তমানে সাড়ে সাত কোটির বেশি লোক মোবাইল ফোন ব্যবহার করছেন। আর এক কোটির বেশি গ্রাহক ইন্টারনেট সেবা নিচ্ছেন। এর ৯৪ শতাংশই ইন্টারনেট ব্যবহার করেন মোবাইল ফোনের মাধ্যমে। সরকার এরইমধ্যে তৃতীয় প্রজন্মের মোবাইল সেবার চালুর ঘেষণা দিয়েছে। প্রাথমিকভাবে রাষ্ট্রায়াত্ত কোম্পানি টেলিটক এ লাইসেন্সের আবেদন করেছে। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে আগ্রহীদের মধ্যে বাণিজ্যিক লাইসেন্স দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৯৪৫ ঘ.