২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ইলিশ ব্যবসায়ীকে জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় বাগেরহাটের কচুয়া উপজেলায় দুই ইলিশ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 10:00 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

বাগেরহাট, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় বাগেরহাটের কচুয়া উপজেলায় দুই ইলিশ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে উপজেলার বাধাল বাজার এলাকা থেকে একটি ট্রাকে ১৩ মণ জাটকা ইলিশসহ দুই মাছ ব্যবসায়ীকে আটক করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ হোসেন। তিনি জানান, দুই জনকে আটকের পর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে এবং পরিবহনের অপরাধে ট্রাক চালককে এক হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জরিমানা দেওয়া ব্যবসায়ীরা হলেন উপজেলার প্রতাপপুর গ্রামের আনসার আলী (৪৫) এবং বক্তারকাঠি গ্রামের মারুফ সরদার (২২)। সোমবার দুপুরে উপজেলার আটটি এতিমখানায় জব্দকৃত ইলিশগুলো বিতরণ করা হয় বলে জানান আশরাফ। এদিকে সোমবার সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের ধলু হাওলাদারের বাড়িতে পুলিশ ও মৎস্যবিভাগ অভিযান চালিয়ে ধলুর স্ত্রী পারুল বেগমকে ৫০ কেজি জাটকা ও বড় ইলিশসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পারুল বেগমকে এক হাজার জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা ইলিশ উপজেলার তিনটি এতিমখানা ও তিনটি আবাসিক মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান। আশ্বিনী পূর্ণিমার দিন এবং আগে ও পরের পাঁচদিন করে মোট ১১ দিন সময়কে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ধরে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৪৭ ঘ.