সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশ্লিষ্ট সংস্থাগুলোর একাধিক উদ্যোগ বাগে আনতে পারছে না পুঁজিবাজারের দরপতন। প্রায় একবছর হতে চলল দেশের পুঁজিবাজারে মন্দা পরিস্থিতি।
গত আড়াই মাসের ক্রমাগত দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক প্রায় এক হাজার পয়েন্ট কমেছে।
চলতি বছরের জানুয়ারির শুরু থেকেই পুঁজিবাজারে দরপতন শুরু হয়। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ালেও ধসের চক্র থেকে বেরিয়ে আসতে পারেনি বিনিয়োগকারীরা।
চলতি বছরের ২ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক ছিল ৮৩০৪ দশমিক ৫৮ পয়েন্ট। এর পরদিন থেকেই বাজারের সূচক পড়তে শুরু করে। মাঝে জুলাই মাসে সূচক কিছুটা ঘুরে দাঁড়ায়।
এরপর থেকে আড়াই মাস ধরে টানা সূচক পড়ছে ঢাকার পুঁজিবাজারে। ২৪ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক ছিল ৬৭১০। আড়াই মাসের ব্যবধানে ৫ অক্টোবর ঢাকার পুঁজিবাজারে সূচক ৯৮২ দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭২৭ দশমিক ৮০ পয়েন্ট।
বাজার পরিস্থিতি উন্নয়নে গত একমাসে বেশকিছূ পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময়সীমা একবছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। স্পন্সর বা পরিচালকদের শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মার্জিন ঋণ সংকট সমাধানে একটি ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছে এফবিসিসিআই। মিউচুয়্যাল ফান্ডগুলোর একক ও খাত ভিত্তিক বিনিয়োগসীমাও প্রত্যাহার করা হয়েছে।
বিপাকে বিনিয়োগাকারীরা
এদিকে অব্যাহত ধসের কারণে চরম আর্থিক সমস্যায় পড়েছেন অনেক বিনিয়োগকারী।
বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসাবে চাকরি করতেন আনিসুর রহমান। নিজের জমানো সমস্ত টাকা তিনি পুঁজিবাজারে খাটিয়েছেন। একসময়ে ভালো লাভ হতে দেখে চাকরি ছেড়ে দিয়ে পূর্ণকালীন ব্যবসায় নেমে পড়েন।
কিন্তু গত একবছর ধরে সমস্ত টাকা ব্যবসায়ে আটকে রয়েছে। তিনমাস ধরে বাড়ি ভাড়া দিতে পারছেন না আনিসুর। বাচ্চাদের প্রাইভেট টিউটর বিদায় নিয়েছে আরো তিন মাস আগে।
আরেক বিনিয়োগকারী মোস্তাফিজুর রহমান ঢাকায় সংসার খরচ চালাতে না পেরে তার পরিবারের সদস্যদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।
বড় বোনের কাছ থেকে ১০ লাখ টাকা ধার করে এনে বিনিয়োগ করেছিলেন ইকবাল হোসেন। এর সঙ্গে ব্রোকারেজ হাউজ থেকে ঋণ নিয়েছিলেন আরো ১৫ লাখ টাকা। পুঁজিবাজারের মন্দার পরে তার ইক্যুইটি শূন্যের নিচে নেমে এসেছে। এদিকে বোন ধারের টাকা ফেরত চেয়েছে। প্রায় একবছর ধরে সংসার খরচেও তিনি কোনো অংশ নিতে পারছেন না। এখন তার দিনের অনেকটাই কাটে বাসা থেকে পালিয়ে।
'বাজারে আস্থার অভাব'
ঢাকা স্টক এক্সচেঞ্চের সভাপতি শাকিল রিজভী বলেন, "বাজারে আস্থার অভাব আছে। এ কারণেই আমাদের অনেক উদ্যোগ সত্ত্বেও বাজারে দরপতন হচ্ছে। অনেক বিনিয়োগকারী আরো পড়ে যাওয়ার ভয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন।
"আবার অনেকে আরো কম দামে কেনার আশায় টাকা বিনিয়োগ না করে বসে আছেন। যখন একজন বিনিয়োগকারী ভাবতে শুরু করবেন, যাই হোক, এই দামে আমি শেয়ার বিক্রি করব না। তখন থেকেই বাজার ঘুরতে শুরু করবে।"
এত উদ্যোগ সত্ত্বেও বাজারে দরপতনের কারণ সম্পর্কে তিনি বলেন, "অনেকে টাকার প্রয়োজনে ক্ষতি স্বীকার করেই শেয়ার বিক্রি করছেন। এ কারণে দর পড়ে যাচ্ছে। আবার দর পড়ায় অনেকে আতঙ্কিত হয়ে দরকার না হলেও শেয়ারগুলো ছেড়ে দিচ্ছেন।
"পুরো ব্যাপারটির চাপ পড়ছে বাজারে। কিন্তু আমাদের অর্থনীতিতে এমন কোনো ব্যাপার হয়নি যে শেয়ারের দাম এভাবে পড়ে যাবে।"
তবে ব্যাংকগুলোর আমানতের সুদের হার বৃদ্ধি বাজার থেকে অনেক বিনিয়োগ সরিয়ে নিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন। "ব্যাংকগুলো আমানতের সুদের হার বাড়িয়েছে। বাজারের এই অস্থিরতার কারণে অনেকে টাকা তুলে নিয়ে সেখানে ফিক্সড ডিপোজিট করছেন। তাদের আবার ফিরিয়ে নিয়ে আনতে হলে সুদের হারও কিছুটা কমানো দরকার।"
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজার আসলে এখন বিক্রির শেষ পর্যায়ে চলে গেছে। এখন যিনিই বিক্রি করবেন, তাকে ক্ষতি স্বীকার করে বিক্রি করতে হবে। এই পর্যায়ে আসলে মার্কেটে একটা সার্পোট দরকার। কিন্তু সমস্যা হচ্ছে, যারা সাপোর্ট দিতে পারে, যেমন মার্চেন্ট ব্যাংকগুলো, তারা নিজেরাই আটকে রয়েছে।
"আমাদের অনেক সদস্য যেমন বিক্রি করতে পারছেন না, তহবিল সংকটে কিনতেও পারছে না।"
তবে তিনি আশা প্রকাশ করে বলেন, "বাজার স্থিতিকরণ তহবিলটি এলে একটা সার্পোট তৈরি হবে। এছাড়া আরো কিছু ফান্ড আসছে। বাংলাদেশ ব্যাংক,এসইসি কিছু পদক্ষেপ নিয়েছে, যার প্রভাব বাজারে পড়বে। একবার বাজার ঘুরতে শুরু করলেই যারা এখন পরিস্থিতি দেখছেন, তারাও বিনিয়োগ করতে শুরু করবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২১১৭ ঘ.
bdnews24