২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডলারের দরে স্থিতি আনতে জরুরি বৈঠক

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান প্রতিদিনই কমছে। এ পরিস্থিতিতে ডলারের দর স্থিতিশীল রাখতে সোমবার বৈঠকে বসছে মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলো। জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন ডলারের বিপরীতে টাকার মান প্রতিদিনই কমছে। গত দশ দিনে ডলারের বিপরীতে টাকা প্রতি দিন দশ থেকে পনের পয়সা করে পড়ে গেছে। এক মাসের ব্যবধানে টাকার মান কমেছে ১ দশমিক ৭ শতাংশ। আর এক বছরে কমেছে ৭ শতাংশ। এ পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রা লেনদেনকারি ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স এসোসিয়েশন (বিএএফইডিএ) সোমবার জরুরি বৈঠক ডেকেছে। বৈঠকে ডলারের দর কিভাবে স্থিতিশীল রাখা যায় তা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ডলারের দর বেড়েই চলেছে। এ বিষয়টি নিয়ে আমরা সোমবারের বৈঠকে আলোচনা করবো।" বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বুধবার (সর্বশেষ লেনদেন দিবস) মুদ্রাবাজারে প্রতি ডলার ৭৫ টাকা ৪৫ পয়সায় বিক্রি হয়েছে। যা অতীতের যে কোনো সময়ে চেয়ে বেশি। ওই দিন সোনালী ব্যাংক ডলার বিক্রি করেছে ৭৫ টাকা ৬০ পয়সায়। নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডলারের দর স্থিতিশীল রাখতে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে এক ডেপুটি গভর্নর বৈঠক করেছেন। কোনো ব্যাংক যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে ডলারের দাম না বাড়াতে পারে সেজন্য বৈঠকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।" ওই বৈঠকের ধারাবাহিকতায় ফরেন এক্সচেঞ্জ ডিলার্স এসোসিয়েশন সোমবার বৈঠক ডেকেছে বলে জানান ওই কর্মকর্তা। 'দরবৃদ্ধিই মূল্যস্ফীতির বৃদ্ধির অন্যতম কারণ' এদিকে টাকার বিপরীতে মার্কিন ডলারের অব্যাহত দরবৃদ্ধিই মূল্যস্ফীতি বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মুস্তফা কে মুজেরী। পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে মূল্যস্ফীতি আরো বাড়বে বলে সতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টাকার বিপরীতে ডলারের দর বৃদ্ধি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আমাদের অর্থনীতি আমদানিনির্ভর। ডলারের দর বাড়লে আমদানি খরচও বেশি পড়ে। বেড়ে যায় পণ্যমূল্য। বাড়ে মূল্যস্ফীতি।" ঈদুল ফিতরের আগে রেমিটেন্স প্রবাহ বাড়ায় কয়েকদিন ডলারের বিপরীতে টাকা কিছুটা শক্তিশালী থাকলেও ঈদের পর থেকে টাকার মান কমছেই। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ঈদের আগে (২৯ অগাস্ট) প্রতি ডলার বিক্রি হয়েছে ৭৩ টাকা ৬১ পয়সায়। বুধবার তা বিক্রি হয়েছে ৭৫ টাকা ৪৫ পয়সায়। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় হারের গতিবিধি পর্যালোচনা করে দেখা যায়, গত বছরের ৫ অক্টোবর প্রতি মার্কিন ডলার বিক্রি হয়েছিল ৭০ টাকা ৪৫ পয়সায়। কে মুজেরী বলেন, "ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় আমদানি ব্যয় মেটাতে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ পড়ছে। চাপ পড়ছে সরকারের বাজেট ব্যবস্থাপনাতেও।" বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২০১০-১১ অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার ছিলো ৮ দশমিক ৮ শতাংশ। আর পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে অগাস্ট মাসে মূল্যস্ফীতির হার ছিলো ১১ দশমিক ২৯ শতাংশ, যা গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ। চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে বলে ধরা হয়েছে। তবে জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর সা¤প্রতিক সিদ্ধান্ত মূল্যস্ফীতি আরো বাড়াবে বলে শঙ্কা প্রকাশ করেন মুজেরী। "এ পরিস্থিতিতে ডলারের দর যদি বেড়েই চলে, তাহলে মূল্যস্ফীতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই এখন চিন্তার বিষয়," বলেন তিনি। মুজেরি বলেন, শুধু পণ্য আমদানিতে নয়, ডলারের দর বাড়লে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানিতেও খরচ বেড়ে যায়। এর ফলে খাদ্য বহির্ভূত অন্যান্য পণ্যের দামও বাড়ে। তিনি বলেন, "আমাদের সব আমদানি বিলই ডলারে পরিশোধ করতে হয়। সে কারণে ডলারের দাম বাড়লে আমাদের আমাদের আমদানি খরচও বেশি পড়ে। চাপ পড়ে বৈদেশিক মুদ্রার মজুদে। স্বাভাবিকভাবেই স্থানীয় বাজারে পণ্যের দাম বাড়ে।" ডলারের বিপরীতে টাকার মান কীভাবে শক্তিশালী হতে পারে- এ প্রশ্নে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বলেন, "ডলারের সরবরাহ বাড়ানো ছাড়া অন্য কোনো পথ নেই। প্রবাসীদের পাঠানো অর্থের (রেমিটেন্স) প্রবাহ বাড়াতে হবে। বাড়াতে হবে ফরেন এইড (বৈদেশিক সাহায্য) প্রবাহ। তাহলে ডলারের সরবরাহ বাড়বে। আর সরবরাহ বাড়লে চাহিদা যতোই থাকুক না কেন দাম কমে আসবে।" ২০১১-১২ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ। ঈদের আগে প্রবাসীরা তাদের পরিবার-পরিজনের কাছে বেশি অর্থ পাঠানোয় জুলাই ও অগাস্ট মাসে রেমিটেন্স বাড়লেও সেপ্টেম্বরে কমেছে। সেপ্টেম্বর মাসে ৮৪ কোটি ডলারের রেমিটেন্স এসেছে। জুলাই মাসে এসেছিল ১০৩ কোটি ডলার। আর অগাস্টে এসেছিল ১১০ কোটি ডলারের বেশি। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ আবার ১০ বিলিয়ন (এক হাজার কোটি) ডলারে নেমে এসেছে। বুধবার রিজার্ভের পরিমাণ ছিল ৯ দশমিক ৮৮ বিলিয়ন ডলার। আমদানি ব্যয় কমাতে অপ্রয়োজনীয় এবং বিলাসবহুল পণ্য আমদানি নিরুৎসাহিত করার পরামর্শ দেন মুস্তাফা মুজেরী। ওভার ইনভয়েসের (বেশি মূল্য দেখিয়ে পণ্য আমদানি) মাধ্যমে পণ্য আমদানি হচ্ছে কি না- সে বিষয়টিও খতিয়ে দেখতে বলেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২১০৬ ঘ.