ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরীক্ষার বিষয়ে আলোচনা করতে আগামী সোমবার গ্রামীণফোন কর্তৃপক্ষকে দেখা করতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
নিরীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিটিআরসি পাওনা চাইলে গ্রামীণফোন কর্তৃপক্ষ ওই নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তি নিয়েই প্রশ্ন তোলে।
এর পরিপ্রেক্ষিতে মোবাইল অপারেটিং এ কোম্পানির সঙ্গে আলোচনার উদ্যোগ বিটিআরসির।
বুধবার দুপুরে গ্রামীণফোনের হাতে বিটিআরসির চিঠি পৌঁছায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান প্রতিষ্ঠানটির চিফ কমিউনিকেশন অফিসার কাজি মনিরুল কবির।
তিনি বলেন, বিটিআরসি নিরীক্ষা প্রতিবেদন নিয়ে কোনো আপত্তি থাকলে তা নিয়ে আলোচনা করার জন্য চিঠি পাঠিয়েছে।
বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী সোমবার সাড়ে ১১টায় সময় গ্রামীণফোনের ৩ থেকে ৫ সদস্যর প্রতিনিধি দলকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। নিরীক্ষা প্রতিবেদন নিয়ে গ্রামীণফোনের আপত্তির বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে।"
মঙ্গলবার গ্রামীণফোন যে চিঠি বিটিআরসিতে পাঠায় তার উত্তরে বিটিআরসি এ চিঠি পাঠিয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোন বলে, যে নিরীক্ষার ভিত্তিতে গ্রামীণফোনকে সরকার ৩ হাজার কোটি টাকা পরিশোধ করতে বলেছে তা 'ভুল ধারণার ভিত্তিতে' হয়েছে।
জাতীয় ও আন্তর্জাতিক মানদ-ের ভিত্তিতে গ্রামীণফোনের নিরীক্ষা হয়নি বলেও দাবি করা হয়।
গ্রামীণফোনকে ৩ হাজার ৩৪ কোটি টাকা পরিশোধ করতে গত সোমবার চিঠি দেয় বিটিআরসি।
স¤প্রতি বিটিআরসি'র পক্ষ থেকে করা এক নিরীক্ষায় দেখা যায়, ২০১১ এর মার্চ পর্যন্ত গ্রামীণফোন (জিপি) ৩৮ হাজার ৯৮৪ কোটি টাকা আয় করেছে। এ হিসাবে এর ২ হাজার ৫৪৪ কোটি টাকা বিটিআরসির পাওয়ার কথা। তবে প্রতিষ্ঠানটি ১ হাজার ৬২৭ কোটি টাকা পরিশোধ করেছে।
নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না করলে গ্রামীণফোনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও তখন জানিয়েছিলেন জিয়া আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮১৩ ঘ.
bdnews24