২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকদের জন্য ব্র্যাক ব্যাংকের 'ডেবিট কার্ড'

বাংলাদেশে প্রথমবারের মতো কৃষকদের জন্য ডেবিট কার্ড নিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে প্রথমবারের মতো কৃষকদের জন্য ডেবিট কার্ড নিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। বুধবার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কার্ডের মাধ্যমে কৃষকরা বীজ, সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি কেনার দাম পরিশোধ এবং প্রয়োজন অনুযায়ী নগদ টাকা তুলতে পারবেন। চ্যানেল আইয়ের হেড অব নিউজ শাইখ সিরাজ বুধবার ঝিনাইদহের মহেশপুরে এ কার্ডের উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে মহেশপুর উপজেলার ১৪টি গ্রামের ৫০ জন কৃষকের মধ্যে ব্র্যাক ব্যাংকের 'কৃষক কার্ড' বিতরণ করা হয়। অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়, এই কার্ড চালুর ফলে কৃষকরা স্থানীয় মহাজনদের কঠিন শর্তের ঋণের জাল থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান অনুষ্ঠানে বলেন, "আমাদের ব্যাংকের মূল উদ্দেশ্য অনুযায়ী ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষদের অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসার কার্যক্রমের অংশ হিসেবে এই 'কৃষক কার্ড' চালু করা হলো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/২১২৪ ঘ.