২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাইপথে মসলা আনা বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান

সীমান্ত দিয়ে অবৈধভাবে মসলা আমদানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্ত দিয়ে অবৈধভাবে মসলা আমদানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। বুধবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি মুরশেদ মুরাদ ইব্রাহিম এক বিবৃতিতে বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ আহ্বান জানান। বিবৃতিতে চেম্বার সভাপতি বলেন, চট্টগ্রামের বিপুল সংখ্যক ব্যবসায়ী মসলা সামগ্রী আমদানি করে থাকে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে প্রায় দুই হাজার টন এলাচ ও প্রায় ছয় হাজার টন জিরা দেশীয় বাজারে আসছে। এসব মসলার রাজস্ব আয় প্রায় ২ হাজার কোটি টাকা। সরকার এ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। শুল্ক ফাঁকি দিয়ে এসব মসলা পণ্য আখাউড়া, ফেনীর ছাগলনাইয়া, চৌদ্দগ্রামের মিয়াবাজার, বগুড়া এবং খুলনা সীমান্ত দিয়ে দেশের বিভিন্ন বাজারে যায় বলে বিবৃতিতে বলা হয়। বৈধ বাণিজ্যকে উৎসাহিত করতে সরকার ও সীমান্ত রক্ষী বাহিনীকে কঠোরভাবে এসব অবৈধ সীমান্ত বাণিজ্য রোধ করার আহ্বান জানান মুরশেদ। গত শনিবারও সংবাদ সম্মেলন করে দেশের সীমান্ত দিয়ে অবৈধ মসলা আমদারি বন্ধের দাবি জানিয়েছিলো চট্টগ্রামের খাতুনগঞ্জ শিল্প ও বণিক সমিতির নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএ/১৯১৩ ঘ.