ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল সেবা চালু করতে আবেদন করেছে রাষ্ট্রায়ত্ত্ব অপারেটর টেলিটক।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "টেলিটক কমার্শিয়াল টেস্টের জন্য আবেদন করেছে। আবেদনটি চূড়ান্ত করতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হচ্ছে।"
তবে কবে নাগাদ এ অনুমোদন দেওয়া হবে সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি কমিশন চেয়ারম্যান।
টেলিটককে থ্রিজির লাইসেন্স দেওয়ার ব্যাপারে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা হয়নি উলে¬খ করেন তিনি।
জিয়া আহমেদ বলেন, "টেলিটককে শুধু কর্মাশিয়াল টেস্টের অনুমোদন দেওয়ার ব্যাপারে কথা হচ্ছে।"
আগামী কয়েক মাসের মধ্যে থ্রিজি লাইসেন্স নীতিমালা চূড়ান্ত করা হবে এবং এ ব্যাপারে পরামর্শক নিয়োগ প্রক্রিয়া চলছে বলে জানান কমিশন চেয়ারম্যান।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে টেলিটক আগামী বছর ২৬ মার্চে পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল সেবা চালু করবে বলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু গত ৭ সেপ্টেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানিয়েছিলেন।
টেলিটক ছয় মাস পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করার পর থ্রিজি তরঙ্গ (স্পেকট্রাম) নিলামের মাধ্যমে অন্য অপারেটরদের বরাদ্দ দেওয়া হবে।
গত ৯ অগাস্ট এক সংবাদ সম্মেলনে টেলিযোগাযোগমন্ত্রী বলেছিলেন, "সব কিছু ঠিক থাকলে চলতি বছরের মধ্যেই টেলিটক থ্রিজি প্রযুক্তির মাধ্যমে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে টেলিটক এ সুবিধা পাবে। ৬ মাসের জন্য টেলিটককে বাণিজ্যিকভাবে এ সেবা চালুর সুযোগ দেওয়া হবে।"
তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল প্রযুক্তিতে উচ্চগতিতে তথ্য আদান-প্রদান সম্ভব বলে মোবাইল ফোনেই টিভি দেখা, জিপিএসের মাধমে পথ নির্দেশনা পাওয়া, উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া সম্ভব।
আগামী জানুয়ারীর মধ্যে টেলিটকের থ্রিজি প্রযুক্তির অবকাঠামো বসানোর কাজ শেষ হবে বলে জানিিেয়েছলেন মন্ত্রী।
থ্রিজি লাইসেন্সের নিলামে দেশি বা বিদেশি যে কোনো প্রতিষ্ঠান অংশ নিতে পারবে উল্লেখ করে মন্ত্রী বলেন, "ছয় মাস টেলিটকের পরীক্ষামূলক থ্রিজি সেবার পর আগামী বছর সেপ্টেম্বরে থ্রিজি বরাদ্দের নিলাম হবে।"
অগাস্টে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিকম সচিব সুনীল কান্তি বোস জানিয়েছিলেন, ২০১২ সালের মধ্যে থ্রিজি লাইসেন্সের নীতিমালা চূড়ান্ত করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২১২৮ ঘ.
bdnews24