ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে সারা বছর দেশের সরকারি চিনিকলগুলো চালু থাকবে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ে জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের প্রতিবেদন প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন বলে জানিয়েছেন তার প্রেসসচিব আবুল কালাম আজাদ।
শেখ হাসিনা বলেন, "বন্ধ সরকারি চিনিকলগুলো চালু করা হয়েছে। জনগণের চাহিদা পূরণে সরকারি চিনিকলগুলো সব সময় চালু থাকবে।"
মঙ্গলবার জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের সদস্যরা এর প্রতিবেদন জমা দেন প্রধানমন্ত্রীর কাছে।
পর্যালোচনার পর কমিশনের এই প্রতিবেদন বাস্তবায়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বাজেটের সীমাবদ্ধতা কথা মনে রাখার কথাও বলেন।
প্রেস সচিব জানান, বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন গঠন করেন।
বন্ধ পাটকলগুলো সরকার চালু করায় কমিশনের সদস্যরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী বন্ধ থাকা সরকারি পাটকলগুলো চালু করেছে। অন্যান্য পাটকলগুলোও পর্যায়ক্রমে চালু করা হবে।
চালু হওয়া পাটকলগুলো পুনরায় যেন বন্ধ না হয় সেজন্য সেগুলোকে কোম্পানিতে রূপান্তরিত করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান।
এসময় জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের চেয়ারম্যান মাহে আলমের নেতৃত্বে জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টারসহ ১৭ সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এসময় উপস্থিত ছিলেন।
এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।
শিক্ষক সমিতির সভাপতি ড. মুশফিক আহমদ ও সাধারণ সম্পাদক ড. মো. সাদেকুল আরেফিন মাতিনের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য দু'টি বাস দেওয়ার ঘোষণা দেন বলে জানান আবুল কালাম আজাদ।
প্রধানমন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বন্ধ হয়ে যাওয়া বিআরটিসি'র বাস সার্ভিস চালুরও নির্দেশ দেন।
আবুল কালাম আজাদ ছাড়াও মুখ্য সচিব শেখ ওয়াহিদ-উজ-জামান ও উপ প্রেসসচিব নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/পিডি/১৯০৬ ঘ.
bdnews24