২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাওনা না পেলে জিপি'র বিরুদ্ধে আইনি ব্যবস্থা: জিয়া

নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না করলে গ্রামীণফোনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 10:02 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধ না করলে গ্রামীণফোনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান জিয়া আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে পাওনা পরিশোধের জন্য গ্রামীণফোন কর্তৃপক্ষকে ২১ দিন সময় দেওয়া হয়েছে। সময়মতো পাওনার অর্থ না পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।" অবশ্য নিরীক্ষা নিয়ে প্রতিষ্ঠানটি প্রয়োজনে কমিশনের সঙ্গে আলোচনায় আসতে পারে এবং সময় চাইলে তা বিবেচনা করা হবে বলেও জানান জিয়া আহমেদ। "গ্রামীণফোনের কোনো জিজ্ঞাসা থাকলে বা সন্দেহ থাকলে তা পরিষ্কার হওয়ার জন্য বিটিআরসিতে আসতে পারে। তারা যদি সময় প্রার্থনা করে তা বিবেচনা করা হবে।" স¤প্রতি বিটিআরসি'র পক্ষ থেকে করা এক নিরীক্ষায় দেখা যায়, ২০১১ এর মার্চ পর্যন্ত গ্রামীণফোন (জিপি) ৩৮ হাজার ৯৮৪ কোটি টাকা আয় করেছে। এ হিসাবে এর দুই হাজার পাঁচশ ৪৪ কোটি টাকা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পাওয়ার কথা। তবে প্রতিষ্ঠানটি এক হাজার ৬২৭ কোটি টাকা পরিশোধ করেছে। বাকি ৯১৭ কোটি টাকার ওপর শতকরা ১৫ ভাগ হারে চক্রবৃদ্ধি সুদ হিসেবে মোট সুদ দাঁড়ায় এক হাজার ২২৯ কোটি টাকা এবং সুদসহ মোট পাওনা দাঁড়ায় দুই হাজার ১৪৬ কোটি টাকা। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিম ট্যাক্সের শুল্ক বাবদ ৭২০ কোটি টাকা এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ একশ ৬৭ কোটি টাকা পায় বলে নিরীক্ষায় উঠে আসে। দুই পাওনা পরিশোধের জন্য ২১ দিন সময় বেঁধে দিয়ে গ্রামীণফোনকে সোমবার দুপুরে চিঠি দেয় বিটিআরসি। নিরীক্ষার সময় গ্রামীণফোন অনেক তথ্য গোপন করেছিলো দাবি করেন কমিশন চেয়ারম্যান, "গ্রামীণফোন এ সময় অনেক তথ্য গোপন করেছে। নিরীক্ষায় অতিরিক্ত এক কোটির বেশি গ্রাহকের সন্ধান পাওয়া গেছে, যা আগে গ্রামীণফোন বিটিআরসিকে জানায়নি।" গ্রামীণফোন সঠিক তথ্য সরবরাহ করলে সরকারের পাওনা আরো বেড়ে যাবে বলেও মন্তব্য করেন জিয়া। তথ্য গোপনের ব্যাপারে বিটিআরসি কোন মামলা করবে কি না জানতে চাইলে তিনি বলেন, "এ ব্যাপারে কমিশন আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাবে।" বর্তমানে বাংলালিংকের নিরীক্ষা চলছে। শিগগিরই আরো দুটি মোবাইল ফোন কোম্পানির নিরীক্ষা শুরু হবে। গ্রামীণফোনের নিরীক্ষা প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে কা হয়েছে দাবি করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, "এ বিষয়ে ডকুমেন্ট রয়েছে এবং এ রিপোর্ট বাতিলের কোনো সুযোগ নেই। আমরা সরকারের আয়ের দিকে নজর দিচ্ছি আর তারা ফাঁকির দিকে নজর দিচ্ছে।" অবশ্য সোমবার ওই চিঠির ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গ্রামীণফোনের চিফ কমিউনিকেশন অফিসার কাজি মনিরুল কবির জানান, বিটিআরসি'র সঙ্গে মোবাইল ফোন কোম্পানিগুলোর ইন্টারন্যাশনাল আউট গোয়িং কল ও অন্যান্য বিষয়ে লভ্যাংশ ভাগাভাগির নানা পাওনা থাকে। এসব বিষয় পরিষ্কার করার জন্য ওই চিঠি দেওয়া হয়েছে। অডিট কোম্পানি অনেক কিছু না বুঝেই নিরীক্ষা করেছে বলেও দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/এমআই/১৫৪৭ ঘ.