আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খসড়া কয়লা নীতি 'শিগগির চূড়ান্ত হচ্ছে' বলে সরকারের মন্ত্রী-উপদেষ্টারা বারবার বলে এলেও নতুন নীতি তৈরির কমিটি প্রথম বৈঠকে বসছে আগামী সপ্তাহে।
কমিটির প্রধান পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন আগামী ১২ অক্টোবর সভা ডেকেছেন।
তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকল্প জ্বালানির উৎস হিসেবে কয়লা সম্পদের অনুসন্ধান ও উন্নয়নের মাধ্যমে এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে দেশে আবিষ্কৃত কয়লা খনি থেকে কয়লা উত্তোলন পদ্ধতির বিষয়ে মত দেবে কমিটি।"
কমিটিকে কাজ শুরুর দিন থেকে চার মাসের মধ্যে কয়লা নীতি প্রণয়ন করে তা সরকারের কাছে জমা দিতে হবে।
এ কমিটি প্রয়োজনে এক বা একাধিক বিশেষজ্ঞ সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবে।
কয়লা উত্তোলন, পানি ব্যবস্থাপনা, আর্থ-সামাজিক ও পরিবেশগত বিষয়ে মত দিতে গত ৮ সেপ্টেম্বর ১৫ সদস্যের এ কমিটি গঠন করে সরকার। বর্তমান সরকারের সময়ে গঠিত এটি দ্বিতীয় কমিটি। গত বছরের এপ্রিল মাসে জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনকে প্রধান করে প্রথম কমিটি গঠন করা হয়।
ওই কমিটির চূড়ান্ত করা নীতিটি সম্পর্কে গত বছরের অক্টোবরে খসড়া কয়লানীতিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে মতামতও নেওয়া হয়।
এরপর থেকে একাধিকবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বিভিন্ন সভা-সেমিনারে চূড়ান্ত কয়লানীতি শিগগির প্রকাশ করা হবে বলে জানানো হলেও ফের নতুন কমিটি গঠন করা হয়েছে।
প্রতিমন্ত্রী এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এমন একটি নীতিমালা তৈরি করতে চাই, যেখানে সবার মতামত প্রাধান্য পায় এবং খনি এলাকার ক্ষতিগ্রস্ত জনগণ যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। সেদিকে লক্ষ্য রেখেই এ কমিটি করা হয়েছে।"
কমিটির কার্যপরিধি
নতুন কমিটির জন্য পাঁচটি কার্যপরিধি নিধারণ করে দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে- দেশের খনিক্ষেত্রগুলোর ভূ-তাত্ত্বিক, ভূ-রসায়ন, ভূ-গর্ভস্থ পানির আধার ও অন্য প্রাসঙ্গিক কারিগরি বিষয়াদি বিচার-বিশ্লেষণ করে কয়লাক্ষেত্র থেকে কয়লা উত্তোলন পদ্ধতি সম্পর্কে সুপারিশ, প্রস্তাবিত কয়লা উত্তোলন পদ্ধতির আওতায় ভূ-গর্ভস্থ পানির স্তরে ওপর প্রভাব ও প্রতিকার সম্পর্কে সুপারিশ দেওয়া।
এছাড়া কয়লা উত্তোলনের ফলে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি (ভূমি, ফসল, বসতবাড়ি) এবং অন্যান্য অবকাঠামোর ক্ষতি এবং আর্থিক ও সামাজিক লাভের তুলনামূলক বিশ্লেষণ, স্বীকৃত পদ্ধতি অনুসরণে কয়লা উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত জনগণের ক্ষতিপূরণ ও পুনর্বাসন বিষয়ে সুপারিশের পাশাপাশি সম্ভাব্য বায়ুদূষণ ও পরিবেশের ওপর প্রভাব বিশ্লেষণ।
বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এ পর্যন্ত পাঁচটি কয়লা খনি আবিষ্কার করেছে। এসব খনিতে কয়লার সম্ভাব্য মজুদ প্রায় ৩০০০ মিলিয়ন টন বলে ধারণা করা হয়।
খনি পাঁচটি হলো- বড়পুকুরিয়া, জামালগঞ্জ, খালসপীর, কুচমা, দীঘিপাড়া ও ফুলবাড়ী।
এর মধ্যে বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে দৈনিক প্রায় ৩ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন হচ্ছে। যার
অধিকাংশ ব্যবহৃত হচ্ছে সেখানকার তাপভিত্তিক ২৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রে।
সাত বছর ধরে হচ্ছে-হচ্ছে
২০০৫ সালে সর্বপ্রথম বাংলাদেশে কয়লা নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।
ওই বছরের ১ ডিসেম্বর বিদেশি বিনিয়োগ নির্ভর, রপ্তানিমুখী এবং উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ব্যবস্থা রেখে 'ইনফ্রাকস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন সেন্টার' বা আইআইএফসি-কে দিয়ে প্রণীত একটি খসড়া কয়লা নীতি প্রণয়ন করা হয়।
জোট সরকারের আমলে আইআইএফসি'র করা এই কয়লানীতির আরো চারটি সংস্করণ তৈরি করা হয় পরের বছর। প্রতিবাদ, প্রতিরোধ ও সমালোচনার মুখে এগুলোর কোনোটাই কার্যকর হয়নি।
এরপর গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে আরো দুটি সংস্করণ তৈরি করা হয়। পরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য আব্দুল মতিন পাটোয়ারির নেতৃত্বে ২০০৮ এর জানুয়ারিতে কয়লানীতির ৮ম সংস্করণ প্রণয়ন করা হয়।
অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার এ ধরনের একটি জাতীয় নীতি চূড়ান্ত করতে পারে না বলে সুশীল সমাজের একাংশ দাবি জানালে নীতিটি ওই অবস্থাতেই রেখে দেওয়া হয়।
এরপর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ফের কয়লানীতি প্রণয়নের উদ্যোগ নেয়।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৩.৩ ধারায় বলা হয়েছে, "জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে কয়লানীতি প্রণয়ন করা হবে। এ যাবৎ প্রাপ্তি কয়লার অর্থনৈতিক ব্যবহার এবং কয়লাভিত্তিক শিল্প নির্মাণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। নতুন কয়লা ও অন্যান্য খনিজ সম্পদ অনুসন্ধান ও আহরণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।"
কমিটির সদস্যরা
কমিটির অন্য সদস্যরা হলেন- পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর, ইনস্টিটিউট অব ওয়াটার মডিউলিংয়ের (আইডব্লিউএম) নির্বাহী পরিচালক অধ্যাপক মনোয়ার হোসেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক এম কে মুজেরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহমুদ আলম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইজাজ হোসেন, পুরকৌশল বিভাগের অধ্যাপক এবিএম বদরুজ্জামান, জ্বালানি বিভাগের যুগ্ম-সচিব (উন্নয়ন) সেফাউল আলম, জ্বালানি বিষয়ক মাসিক পত্রিকা এনার্জি অ্যান্ড পাওয়ার-এর সম্পাদক মোল্লা আমজাদ হোসেন, সাবেক যুগ্ম-সচিব বিনু গোপাল দে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল-ইসলাম, জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের পরিচালক মোহাম্মদ নেহাল উদ্দিন, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামসুদ্দিন, বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান এবং পরিবেশ অধিদপ্তরের একজন পরিচালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২১৩৩ ঘ.
bdnews24