চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবন-যাপনের মান উন্নয়নে চট্টগ্রামের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান।
শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে 'সিএসআর কর্মকাণ্ড উদ্বুদ্ধকরণে এনবিআর এর ভূমিকা' শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মানুষের জন্য, এমআরডিআই ও চট্টগ্রাম চেম্বারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য সৈয়দ মো. আমিনুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে রোকেয়া আফজাল বলেন, বাংলাদেশের প্রায় ৪০ শতাংশ মানুষ এখনো দরিদ্র ও অতি দরিদ্র। এদের কাছে কেউ যায় না।
ঘুর্ণিঝর 'আইলা'-এর উদাহরণ দিয়ে তিনি বলেন, "তখন অনেকেই আইলা দুর্গতদের কাছে গিয়েছিল। কিন্তু ছয় মাস পর আর কেউ গেল না।"
তিনি বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীদের উচিত দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সিএসআর-এর (কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) আওতায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা।
তিনি বলেন, "হয়তো ব্যবসায়ীরা অনেক ব্যস্ত থাকেন, তাই সিএসআর কোথায় কিভাবে করবেন তা নিয়ে চিন্তা করার সময় পান না।"
এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমানের সঞ্চালনায় সংলাপে মূল বক্তব্য উপস্থাপন করেন দি ফিনানসিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
তিনি বলেন, অনেক ব্যবসায়ী সিএসআর করেন কিন্তু এনবিআর-এর কাছে যেতে চান না। আমার জানা মতে এ পর্যন্ত একটিও সিএসআর করা ব্যবসা প্রতিষ্ঠান কর রেয়াতের জন্য এনবিআর-এর কাছে যায় নি।
চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম স্বাগত বক্তব্য বলেন, সামাজিক দায়িত্ব পালনের অনেক উপায় আছে। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন বা চিকিৎসার ব্যবস্থা করা সিএসআর নয়। দারিদ্র্য দূরীকরণের লক্ষ্য নিয়ে সিএসআর নীতি ঠিক করতে হবে।
এনবিআর-এ সিএসআর সংক্রান্ত তথ্য না আসার বিষয়টি স্বীকার করে নিয়ে এনবিআর সদস্য সৈয়দ মো. আমিনুল করিম বলেন, "রাজস্ব আদায় আমাদের একমাত্র লক্ষ্য নয়। সমতা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা, বিনিয়োগ, কর্মসংস্থান এবং দারিদ্র দূরীকরণ ও আমাদের লক্ষ্য।"
সংলাপে ব্যবসায়ীদের ইঙ্গিত করে সিসিসিআই পরিচালক ক্যাপ্টেন শফি চৌধুরী বলেন, "আমরা ঠিক মত করই দেই না, সিএসআর করে লাভ কি। যতদিন পর্যন্ত দেশে অভ্যন্তরীণ সম্পদ আহরণ ঠিক ভাবে হবে না, ততদিন অন্য কিছু করে কোনো কাজ হবে না।"
তিনি দারিদ্র্য দূরীকরণ তহবিল গঠনের জন্য সামর্থ্যবানদের ওপর সারচার্জ ধার্য করার
প্রস্তাব করেন।
# বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এসইউ/১৬০২ ঘ.
bdnews24