ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতে নতুন ব্যাংক স্থাপনের জন্য আবেদন চেয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।
আবেদনের সঙ্গে ১০ লাখ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট জমা দিতে হবে বাংলাদেশ ব্যাংকের বরাবরে।
নতুন ব্যাংকের বিষয়ে একটি নীতিমালাও প্রকাশ করা হয়েছে।
ব্যাংক হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য একটি প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন হতে হবে ৪০০ কোটি টাকা। শুধু সাধারণ শেয়ারের মাধ্যমে এ মূলধন পূরণ করতে হবে।
অনুমোদন পাওয়ার পর একটি ব্যাংককে ব্যবসা শুরুর তারিখ থেকে তিন বছরের মধ্যে বাজারে শেয়ার ছেড়ে পরিশোধিত মূলধনের সম-পরিমাণ অর্থ সংগ্রহ করতে হবে।
উদ্যোক্তা হতে হলে একজনকে কমপক্ষে এক কোটি টাকার যোগান দিতে হবে। আর তার সর্বোচ্চ বিনিয়োগ হতে পারবে ব্যাংকের পরিশোধিত মূলধনের ১০ শতাংশ।
কোনো ব্যক্তি বা তার পরিবারের সদস্য ঋণখেলাপি অথবা করখেলাপি হলে তারা ব্যাংকের উদ্যোক্তা হতে পারবেন না।
বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে তফসিলি ব্যাংকের সংখ্যা ৪৭। এর বাইরে আরো শতাধিক বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান রয়েছে।
বিভিন্ন মহল বিরোধিতা করলেও সরকারের আগ্রহে স¤প্রতি নতুন আরো কয়েকটি ব্যাংককে অনুমোদন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। অবশ্য বাংলাদেশ ব্যাংকও এক সময় নতুন ব্যাংক চালুর ব্যাপারে জোর আপত্তি জানিয়েছিলো।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বলেছিলেন, দীর্ঘ এক যুগ পর নতুন বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন দেওয়ার এই সিদ্ধান্ত রাজনৈতিক।
সর্বশেষ আওয়ামী লীগের আগের সরকারের মেয়াদে ১৯৯৬-২০০১ সময়ে কয়েকটি নতুন ব্যাংক যাত্রা শুরু করেছিল। এরপর আর কোনো ব্যাংক অনুমোদন পায়নি।
তবে এ দফায় কয়টি ব্যাংককে অনুমোদন দেওয়া হবে, সে বিষয়ে কিছু জানায়নি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।
নীতিমালায় বলা হয়েছে, বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে এমন কোনো ব্যাংকের পরিচালক বা উপদেষ্টা নতুন কোনো ব্যাংকের পরিচালক হতে পারবেন না। নতুন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হবে ১৩ জন। প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেতে হলে ব্যাংকিং বিষয়ে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শহর ও গ্রামে নতুন ব্যাংকের শাখার অনুপাত হতে হবে ১:১। অথবা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে যে নির্দেশনা দেবে- সে অনযায়ী শাখা খুলতে হবে।
ব্যাংকের বিতরণ করা মোট ঋণের কমপক্ষে ৫ শতাংশ কৃষি খাতে বিতরণ করতে হবে। নতুন ব্যাংককে অবশ্যই কর্পোরেট স্যোশাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রম পরিচালনা করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/কিউএইচ/এমআই/১১৩০ ঘ.
bdnews24