২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো বাণিজ্য মেলা বিকল্প জায়গা খোঁজা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

আগামী বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থান পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থান পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। সোমবার শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, "এখানে সচিবালয় হতে পারে। তাই আগামীতে এই মেলা আয়োজনের জন্য একটি স্থায়ী জায়গা খোঁজা হচ্ছে।" চলতি বছর আয়োজিত ষোড়শ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশসহ ১৪টি দেশের ব্যবসা ও উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রায় ৫০ লাখ দর্শনার্থী এবার মেলায় আসবেন বলে জানান তিনি। ১৯৯৫ সালে ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করা হয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা। জানুয়ারি মাস জুড়ে চলার পর এই মেলার সময় প্রায় প্রতিবারই বাড়ানো হলেও এবারই ছিল ব্যতিক্রম। এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, "মঙ্গলবার এসএসসি ও সমমানের পরীক্ষা এবং একুশে বইমেলা শুরু হচ্ছে। এছাড়া কয়েকদিন পরে বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। আগামীতে মেলা কতোদিন করা হবে- তা পরে বিবেচনা করা হবে।" মেলা থেকে ২৫ কোটি টাকা মূল্যের বাংলাদেশি পণ্যের রপ্তানি আদেশ পাওয়া গেছে বলেও ফারুক খান জানান। বাণিজ্যসচিব গোলাম হোসেন বলেন, "অনেকেই বিদেশি পণ্য এনে মেলায় প্রদর্শন ও প্রমোট করেন। আগামীতে এদের অনুৎসাহিত করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/জেকে/২০৪৪ ঘ.