ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত স্থানে বসার জায়গা এখনো হয়নি পুঁজিবাজারে অনিয়ম তদন্তে গঠিত কমিটির। তবে তদন্ত কমিটির প্রধান বলেছেন, আপাতত তার কার্যালয়ে বসেই কাজ শুরু করেছেন তারা।
তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ রোববার দুপুরে জীবন বীমা ভবনে বাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কার্যালয়ে যান।
সেখানেই বসে তাদের কমিটির কার্যক্রম চালানোর কথা। তাদের যেখানে বসার কথা সেখানে বর্তমানে বিনিয়োগ বোর্ড কাজ করছে।
ইব্রাহিম খালেদ সাংবাদিকদের বলেন, "এখনো বসার জায়গা না হলেও আশা করছি শিগগিরই তা হবে। বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তিনি বলছেন, ওই স্থানটি তারা খালি করে দেবেন।"
বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটির সবাই কমিটির প্রধান কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদের নেতৃত্বে এসইসি ভবনে যান। প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে একটি বৈঠকও করেন তারা। সেদিন খালেদ বলেছিলেন, রোববার থেকে তারা পুরোদমে কাজ শুরু করবেন।
স্থান সমস্যার কারণে কাজ ব্যাহত হবে কিনা- জানতে চাওয়া হলে কমিটির প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপাতত কৃষি ব্যাংকে আমার কার্যালয়ে বসেই কাজ চালাবো। পরে এখানে চলে আসবো।"
তদন্তের প্রয়োজনে পুঁজিবাজার সংশ্লিষ্ট সব পক্ষ এবং সাংবাদিকদের সঙ্গেও কথা হবে বলে ইব্রাহিম জানান।
তিনি বলেন, "বাজার অস্থিতিশীলতার পেছনে কারা, সেটা খুঁজে বের করাই হবে আমাদের মূল কাজ। আর কমিটি তাই করবে।"
টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ, কারসাজির অভিযোগ- সব মিলিয়ে এক মাসেরও বেশি সময় ধরে চলা সঙ্কট থেকে উত্তরণের উপায় খুঁজতে পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে রোববার অর্থমন্ত্রীর দুই দফা বৈঠকের পর বুধবার তিন সদস্যের কমিটি গঠন করে সরকার। কমিটিকে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- বিআইবিএম'র মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী ও আইসিএবি'র সাবেক সভাপতি মো. আব্দুল বারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৭২০ ঘ.
bdnews24