পঞ্চগড়, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে পুরোদমে বাণিজ্য চালুর জন্য আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের এক ব্যবসায়ী নেতা।
শুক্রবার রাতে পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় পশ্চিমবঙ্গের ফেডারেশন অব এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাধারণ সম্পাদক তপন দাস বলেন, "এ কাজে দুই দেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের এখনই উদ্যোগী হতে হবে।"
শহরের সেন্ট্রাল প্লাজায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে তপন দাস বাংলাবান্ধা স্থলবন্দর ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন পঞ্জগড়ের জেলা প্রশাসক বনমালী ভৌমিক।
মতবিনিময় সভায় তপন দাস জানান, তার আদি বাড়ি বাংলাদেশের পাবনায়। বর্তমানে তিনি ভারতের জলপাইগুড়ি জেলার শিলিগুড়িতে বসবাস করেন।
বাংলাবান্ধা-ফুলবাড়ি রুটকে 'যথেষ্ট সম্ভাবনাময়' উল্লেখ করে ভারতের এই ব্যবসায়ী নেতা বলেন, "ফুলবাড়ি স্থলবন্দরের অবস্থান শিলিগুড়িতে। আর শিলিগুড়ি হলো ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের একমাত্র প্রবেশপথ। এই রুট দিয়ে নেপাল, ভুটান ও চীনের সঙ্গেও যোগাযোগ আছে। কার্যকর উদ্যোগ নিয়ে এই রুটকে পুরোদমে চালু করতে পারলে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে।"
ঢাকা থেকে বুড়িমাড়ি-চেংরাবান্ধার তুলনায় বাংলাবান্ধার দূরত্ব কম হওয়ায় দুই দেশের ব্যবসায়ীরা ধীরে ধীরে এ রুটে ঝুঁকবেন বলেও মন্তব্য করেন তিনি।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি গত ২২ জানুয়ারি বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রমের উদ্বোধন করেন।
তপন দাস জানান, ইমিগ্রেশন চালুর জন্য ভারতের ফুলবাড়িতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ অন্যান্য কাজ চলছে।
বাংলাদেশের চেয়ে ভারতে অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি জানিয়ে এ ব্যবসায়ী বলেন, "দামে কম ও মানসম্পন্ন হওয়ায় ভারতে বাংলাদেশের সাবান, ওষুধসহ বিভিন্ন পণ্যের চাহিদা রয়েছে।"
তবে, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর উদ্যোগের অভাবে এসব পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ অনেকখানি পিছিয়ে রেখেছে বলে মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৯২৩ ঘ.
bdnews24