ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে মঙ্গলবারের মতো বুধবারও লেনদেনের শুরুতেই কেনার চাপ দেখা গেছে। শুরুর ১৫ মিনিটের মধ্যে সূচক বেড়েছে ছয় শতাংশ।
লেনদেন শুরু হয় সকাল ১১টা থেকে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন শুরু হয়।
লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ছিলো ৭২৪৭, যা দিনের শুরুর চেয়ে ৪২৬ পয়েন্ট বেশি।
সাধারণ সূচকের সার্কিট ব্রেকার তুলে নেওয়ার পর প্রতিটি শেয়ারের আলাদা সার্কিট ব্রেকারও অর্ধেক করা হয়েছে।
ওই সময় পর্যন্ত লেনদেন একশ ৯০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
২৩০টি প্রতিষ্ঠানের শেয়ার হাতবদল হয়, এর মধ্যে দাম বেড়েছে ২১৩টির, কমেছে ১৭টির।
প্রতিটি শেয়ার তাদের নিজস্ব সার্কিট ব্রেকারের সীমায় পৌঁছে গেলেও এতে লেনদেন বন্ধ হবে না, ওই দামেই কেনা-বেচা চলবে।
টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ, কারসাজির অভিযোগ- সব মিলিয়ে এক মাসেরও বেশি সময় ধরে চলা সঙ্কট থেকে উত্তরণের উপায় খুঁজতে পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে রোববার দুই দফা বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার ডিএসই তাদের ওয়েবসাইটে জানায়, সাধারণ সূচকে সার্কিট ব্রেকার তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি শেয়ারের আলাদা সার্কিট ব্রেকারও ৫০ শতাংশ কমানো হয়েছে।
প্রধান বিরোধী দল পুঁজিবাজারে অস্থিরতার জন্য সরকারকে দায়ী করে এর তদন্ত চেয়েছে। সেইসঙ্গে অর্থ হারানো বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/পিডি/১১৪৫ ঘ.
bdnews24