২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়া বাড়িয়েছে বিমান

জ্বালানি সারচার্জ বাড়িয়ে বিভিন্ন গন্তব্যে ভাড়া বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর পক্ষে প্রতিষ্ঠানটির 'যুক্তি' হলো জ্বালানির দাম বৃদ্ধি ও লোকসান কমানো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 04:10 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

রিয়াজুল বাশার ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি সারচার্জ বাড়িয়ে বিভিন্ন গন্তব্যে ভাড়া বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর পক্ষে প্রতিষ্ঠানটির 'যুক্তি' হলো জ্বালানির দাম বৃদ্ধি ও লোকসান কমানো। নতুন ভাড়া কার্যকর হয়েছে গত ১৭ জানুয়ারি- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার জানিয়েছেন বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকিউল ইসলাম। এর ফলে আন্তর্জাতিক সব গন্তব্যে বেড়ে গেছে বিমানের ভাড়া। সবচেয়ে বেড়েছে সৌদি আরবের তিনটি গন্তব্যে। সিইও জাকিউল বলেন, "জ্বালানি তেলের দাম বেড়েছে। তাই আমরা ফুয়েল সারচার্জ বাড়াতে বাধ্য হয়েছি।" বিমান অফিস থেকে পাওয়া তথ্য মতে, ইউরোপের গন্তব্যে ফুয়েল সারচার্জ ৬৫ ডলার থেকে বাড়িয়ে ১৫০ ডলার, মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্যে ৪৫ ডলার থেকে বাড়িয়ে ১০০ ডলার এবং দক্ষিণ এশিয়াতে ২০ ডলার থেকে বাড়িয়ে ২৫ ডলার করা হয়েছে। আগামী ১ ফেব্র"য়ারি থেকে ইউরোপের লন্ডন রুটের ভাড়া (ফুয়েল সারচার্জ ছাড়া) আবার বাড়বে। তবে অভ্যন্তরীণ গন্তব্যে ফুয়েল সারচার্জ বাড়ানো হয়নি। এ ক্ষেত্রে সারচার্জ ৫ ডলার। এতদিন মধ্যপ্রাচ্যের সৌদি আরবের তিনটি গন্তব্যের ক্ষেত্রে (রিয়াদ, জেদ্দা ও দাম্মাম) কোনো ফুয়েল সারচার্জ ছিল না। এ তিনটি গন্তব্যে গত ১৭ জানুয়ারি থেকে ওয়ান ওয়ে ভ্রমণের জন্য ফুয়েল সারচার্জ ১০০ ডলার করে বাড়ানো হয়েছে। এর ফলে ঢাকা-রিয়াদে ওয়ান ওয়ের ভাড়া ২১ হাজার ৮৮৫ টাকা থেকে বেড়ে হয়েছে ২৮ হাজার ৮২৫ টাকা। ঢাকা-কলকাতায় দ্বিমুখী ভ্রমণের ভাড়া বেড়ে হয়েছে ১০ হাজার ১২৪ টাকা। ঢাকা-লন্ডন রুটে বৃদ্ধি পাওয়া ৮৫ ডলার ফুয়েল সারচার্জসহ ওয়ান ওয়ের জন্য বর্তমান ভাড়া ৪৫ হাজার ৭৮৭ টাকা। আগামী ১ ফেব্র"য়ারি থেকে ১৫০ ডলার ভাড়া বাড়ার পর এ রুটে ওয়ান ওয়ের জন্য ভাড়া গুণতে হবে ৫৬ হাজার ১৯৭ টাকা। ভাড়া বাড়ানোর ফলে বিমানের যাত্রী কমবে কি না জানতে চাওয়া হলে জাকিউল ইসলাম বলেন, "প্রতি লিটার জ্বালানির দাম ৪৩ টাকা থেকে বেড়ে ৬৮ টাকা হয়েছে। আমরা তো লস দিয়ে চলতে পারি না। তাই ফুয়েল সারচার্জ বাড়াতেই হচ্ছে।" ২০টি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চালানো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত অর্থবছরে ৮০ কোটি টাকারও বেশি লোকসান করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২২০৭ ঘ.