ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রতীক ব্যবহারের ব্যাখ্যা দিতে পুঁজিবাজার
নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারকে তলব করেছে হাইকোর্ট।
ছয়টি ব্রোকারেজ হাউসের একটি আবেদনের শুনানিতে সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দীন ও বিচারপতি শেখ মুহাম্মদ জাকির হোসেনের বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেয়।
এসইসি চেয়ারম্যানকে বিকাল ৩টায় ব্যাখ্যা নিয়ে আদালতে যেতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার এসইসি ছয়টি ব্রোকারেজ হাউজের লেনদেন কার্যক্রম ৩০ দিনের জন্য স্থগিত করে।
এগুলো হলো- আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড, অ্যালায়েন্স সিকিউরিটিজ লিমিটেড এবং এনসিসি ব্যাংক, আল আরাফাহ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মার্চেন্ট শাখা।
এসইসির এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে রোববার হাইকোর্টে রিট আবেদন করে ছয়টি সংস্থা।
সোমবার ওই আবেদনের শুনানিতে ব্রোকারেজ হাউসগুলোর পক্ষে ড. এম জহির বলেন, এসইসি ছয়টি ব্রোকারেজ হাউসে পাঠানো নোটিশে সরকারের প্রতীক বা লোগো ব্যবহার করেছে, যা তারা করতে পারে না।
তখন আদালত প্রতীক ব্যবহারের কারণ জানতে এসইসি চেয়ারম্যানকে হাজির হতে বলেন। এসইসি চেয়ারম্যানকে বিষয়টি বলার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেনকে বলা হয়।
শুনানির পর আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসইসি চেয়ারম্যানকে আদালতের বিষয়টি জানানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৫ ঘ.
bdnews24