২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯৯৬-এ শেয়ারবাজারে ধস'কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থায় বাধা নেই'

শেয়ারবাজারের ধস ঠেকানো বিষয়ে আইনি দুর্বলতা নেই- বলেছেন আইনমন্ত্রী। তিনি জানিয়েছেন, ১৯৯৬ সালের শেয়ার 'কেলেঙ্কারিতে' জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বাধা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারবাজারের ধস ঠেকানো বিষয়ে আইনি দুর্বলতা নেই- বলেছেন আইনমন্ত্রী। তিনি জানিয়েছেন, ১৯৯৬ সালের শেয়ার 'কেলেঙ্কারিতে' জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বাধা নেই। আইনমন্ত্রী শফিক আহমেদ রোববার বলেন, "আইনে কোনো দুর্বলতা নেই। ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও কোনো বাধা নেই। "ইচ্ছে করলেই ওইসব মামলার শুনানির উদ্যোগ নেওয়া যেতে পারে। ওই ঘটনায় দায়ের করা মামলাগুলো উচ্চ আদালতের আদেশে বর্তমানে স্থগিত রয়েছে।" সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। রাষ্ট্রদূত এ্যানেলি লিণ্ডাল ক্যানি মন্ত্রীর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন। ১৯৯৬ সালের ৬ নভেম্বর সূচক ২৩৩ পয়েন্টেরও বেশি পড়ে যায়। অভিযোগ রয়েছে, ওই সময় কিছু ব্যবসায়ী পরিকল্পিতভাবে মুনাফা সরিয়ে নিলে শেয়ার বাজারে ধস দেখা দেয়। কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে ওই সময় প্রায় ১২টি মামলা হয়। মামলাগুলো আদালতের আদেশে স্থগিত রয়েছে। সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির বিতর্ক প্রসঙ্গে নিজেকে বিরোধে না জড়ানোর কথা জানিয়ে শফিক আহমেদ বলেন, "সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। সংবিধানেই সংসদ, সুপ্রিম কোর্ট এবং নির্বাহী বিভাগের এখতিয়ার ও কার্যক্রমের বর্ণনা রয়েছে। এ বিষয় নিয়ে বিরোধ কাম্য নয়।" বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আলোচনা হয় বলেও জানান আইনমন্ত্রী। তিনি জানান, জাতীয় মানবাধিকার কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সুইডেনের রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেছেন। দুদক সম্পর্কে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতের ধারণা ছিল দুদক'কে দুর্বল করতে আইন সংশোধন করা হয়েছে। দুর্বল নয়, বরং কমিশনের প্রস্তাবেই দুদককে শক্তিশালী ও কার্যকর করতে আইনের কয়েকটি ধারা সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা তাকে জানিয়েছি। তিনি বলেন, "আইন প্রয়োগে দুদকের ভুলের দায়-দায়িত্ব তাদেরই। দুদক তাদের নিজস্ব লোক দিয়ে ঘটনার অনুসন্ধান ও তদন্ত করে মামলা করছে। নিজস্ব আইনজীবী দিয়ে তারা মামলা পরিচালনা করছে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।" খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর একটি মামলায় নিম্ন আদালতে দুদকে'র পক্ষে অ্যাটর্নি জেনারেলের অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, অর্থ পাচারের (মানি লণ্ডারিং) মামলাটি দুদক দায়ের করলেও এতে রাষ্ট্রের স্বার্থ জড়িত। এ জন্য রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল ওই মামলায় ভূমিকা রাখেন। প্রশাসনের স্বার্থেই ট্রুথ কমিশনে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জানিয়ে আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয় ট্রুথ কমিশনে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০০৬ ঘ.