ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠকে বসেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন তিনি।
রোববার বিকেল ৪টায় অর্থমন্ত্রীর কক্ষে এ বৈঠক শুরু হয়।
অর্থমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টানা দরপতনে পুঁজিবাজারে লেনদেন বন্ধ হয়ে যাওয়ার পর সঙ্কট থেকে উত্তরণের উপায় খুঁজতে সকালেও সংশ্লিষ্টদের নিয়ে দুই ঘণ্টার বেশি সময় বৈঠক করেন অর্থমন্ত্রী।
সকালের বৈঠকে যেসব প্রস্তাব এসেছে- সেগুলো নিয়েই বিকেলের বৈঠকে আলোচনা চলছে বলে জানা গেছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই বৈঠক শেষ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিমিটেড কম্পানির (এপিএলসি) সভাপতি সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সন্ধ্যায় অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে তা তুলে ধরবেন।
ডিএসই সভাপতি শাকিল রিজভী সাংবাদিকদের জানান, রোববারের মতো সোমবারও পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।
বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে ডিএসই সভাপতি বলেন, "আমরা আমাদের দাবিগুলো তুলে ধরেছি। এ নিয়ে আলোচনা হয়েছে।"
এফবিসিসিআই সভাপতি আজাদ বলেন, পুঁজিবাজার দ্রুতই খুলে দেওয়া হবে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/জেকে/১৭২৯ ঘ.
bdnews24