ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে লেনদেন সোমবারও বন্ধ থাকছে। বাজার পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হলেও এর সিদ্ধান্ত সন্ধ্যায় জানাবেন অর্থমন্ত্রী।
টানা দরপতনে পুঁজিবাজারে লেনদেন বন্ধ হয়ে যাওয়ার পর সঙ্কট থেকে উত্তরণের উপায় খুঁজতে রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দুই ঘণ্টারও বেশি সময় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী।
পুঁজিবাজার সংশ্লিষ্টদের মধ্যে ছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমান, বর্তমান সভাপতি শাকিল রিজভী।
ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি একে আজাদ, সাবেক সভাপতি আনিসুল হক, মঞ্জুর ইলাহী।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষ ডিএসই সভাপতি শাকিল রিজভী সাংবাদিকদের বলেন, পুঁজিবাজারে লেনদেন শিগগিরই শুরু হবে।
রোববার বন্ধ থাকার পর সোমবার লেনদেন হবে কিনা- জানতে চাইলে তিনি 'না' সূচক উত্তর দেন।
বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে ডিএসই সভাপতি বলেন, "আমরা আমাদের দাবিগুলো তুলে ধরেছি। এ নিয়ে আলোচনা হয়েছে।"
সালমান এফ রহমান বলেন, বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সন্ধ্যায় অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে তা তুলে ধরবেন।
অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন অর্থ মন্ত্রণালয়ে হবে বলে জানানো হয়েছে। তবে অর্থমন্ত্রী বৈঠকের বিষয়ে কিছু বলেননি।
এফবিসিসিআই সভাপতি আজাদ বলেন, পুঁজিবাজার দ্রুতই খুলে দেওয়া হবে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৩১৩ ঘ.
bdnews24