২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক প্রশিক্ষণে বাজেট বরাদ্দের দাবি

পোশাক শিল্পে দেশের অবস্থান মজবুত করতে শ্রমিকদের প্রশিক্ষণের জন্য বাজেটে বরাদ্দ রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শিল্পে দেশের অবস্থান মজবুত করতে শ্রমিকদের প্রশিক্ষণের জন্য বাজেটে বরাদ্দ রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে বিজিএমইএ আয়োজিত 'চিটাগং অ্যাপারেল ফেব্রিক অ্যান্ড এক্সেসরিজ এক্সপজিশন (কাপেক্সপো)'র সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আমীর খসরু বলেন, "দুঃসময় থেকে পোশাক শিল্পের উত্তরণ ঘটেছে। এখন এ খাতের ভবিষ্যত উজ্জ্বল। আগে ছিলো তা ক্রেতাদের (বায়ার'স) বাজার, এখন বিক্রেতাদের (সেলারস) বাজার।" তৈরি পোশাকের মূল্য নির্ধারণে বিভিন্ন শ্রেণীভুক্ত করে একটি নির্দেশনা তৈরির মাধ্যমে এ অবস্থার সর্বোচ্চ সুযোগ লাভের জন্য তিনি তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির নেতাদের প্রতি আহ্বান জানান। আমীর খসরু বলেন, "বর্তমানে পোশাক শিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত। এ খাতে যদি এক কোটি লোক সম্পৃক্ত হন, তা হলে বাংলাদেশের পক্ষে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। "পোশাক শিল্পখাতে শ্রমিক প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। বিএনপির পক্ষ থেকে সরকারকে বলবো, শ্রমিক প্রশিক্ষণ খাতে বাজেট বরাদ্দ করতে", বলেন তিনি। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু দাবি করেন, তাদের সরকার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমানের উন্নতির জন্য কাজ করেছিলেন। নগর বিএনপির সভাপতি বলেন, "আমলাতন্ত্রকে অতিক্রম করে জিয়াউর রহমান বন্ডেড ওয়্যারহাউজ করেছিলেন। এটা তার মত সাহসী নেতার পক্ষেই সম্ভব হয়েছিলো।" বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে তৈরি পোশাক শিল্প খাতে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্র"তি দেন তিনি। তিন দিনব্যাপী কাপেক্সকোর সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, "কথায় কথায় গার্মেন্টস কারখানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এটা অত্যন্তদুঃখজনক। আশা করি, সরকার এর সঙ্গে জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।" বিজিএমইএ সভাপতি আবদুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী ও দ্বিতীয় সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। এবারে কাপেক্সপোয় সেরা স্টল হিসেবে তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। এগুলো হলো ওয়েল গ্র"প ফেব্রিকস অ্যান্ড এক্সেসরিজ, লিবার্টি পলিজোন গার্মেন্টস এক্সেসরিজ বাংলাদেশ লিমিটেড ও নাফ ওভারসিজ প্রাইভেট লিমিটেড। সভাপতির বক্তব্যে সালাম মুর্শেদী গ্যাস-বিদ্যুৎ সঙ্কটের কথা তুলে ধরে ফার্নেস অয়েল ও ডিজেলের আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানান। বিজিএমইএ চট্টগ্রামে নবমবারের মতো এ প্রদর্শনী আয়োজন করে। এবারের প্রদর্শনীতে ৫৫টি স্টলে ৩২টি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/২১১৭ ঘ.