ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে 'দুষ্টচক্র পরিকল্পিতভাবে পুঁজিবাজারের দরপতন ঘটাচ্ছে' তা চিহ্নিত করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেছেন, "একটি দুষ্টচক্র পরিকল্পিতভাবে পুঁজিবাজারের দরপতন ঘটাচ্ছে। তাদের চিহ্নিত করতে হবে। লাখ লাখ মানুষের ভাগ্য এবং অগণিত বেকার যুবক পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত।"
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বৃহস্পতিবার শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) আয়োজিত আলোচনায় সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
"অস্বাভাবিক দরপতন ঠেকাতে এখনি নির্ভুল ও সুপরিকল্পিত সিদ্ধান্ত" নিতে বলেন তিনি।
পৌরসভা নির্বাচনে জনগণ সরকারকে হলুদ কার্ড দেখিয়েছে বলে বিরোধী দলের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, "লাল কার্ড, হলুদ কার্ড না দেখিয়ে সংসদে এসে কথা বলুন। আর লাল কার্ড দেখানোর মালিক জনগণ। জনগণের ভালোবাসা আমাদের বড় সম্পদ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯১২ ঘ.
bdnews24