ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার লেনদেন হবে না বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
সোমবার লেনদেন হবে কি না সে বিষয়ে রোববার বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে কমিশন।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি'র সদস্য ইয়াসিন আলী বৃহস্পতিবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। একইসঙ্গে ছয়টি ব্রোকারেজ হাউজের লেনদেন কার্যক্রম ৩০ দিনের স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।
এগুলো হলো- আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড, অ্যালায়েন্স সিকিউরিটিজ লিমিটেড এবং এনসিসি ব্যাংক, আল আরাফাহ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মার্চেন্ট শাখা।
ইয়াসিন বলেন, "ওই ছয় ব্রোকারেজ হাউজ থেকে দিনের [বৃহস্পতিবার] শুরুতে 'অত্যাধিক বিক্রির চাপ' (অ্যাগ্রেসিভ সেলিং প্রেশার) লক্ষ্য করা গেছে।"
"তাদেরকে শুনানির চিঠি পাঠানো হয়েছে বক্তব্য জানার জন্য," বলেন ইয়াসিন।
ব্রোকারেজ হাউজের লেনদেন কার্যক্রম স্থগিত করার ক্ষেত্রে সাধারণত শুনানি হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/পিডি/১৮৫০ ঘ.
bdnews24