২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ মিনিটেই লেনদেন বন্ধ পুঁজিবাজারে

সার্কিট ব্রেকার অতিক্রম করায় দিন শুরুর ৫ মিনিটেই পুঁজিবাজারে লেনদেন বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 08:02 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্কিট ব্রেকার অতিক্রম করায় দিন শুরুর ৫ মিনিটেই পুঁজিবাজারে লেনদেন বন্ধ হয়ে গেছে। একই কারণে বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ হয়ে গিয়েছিলো। যার কারণে বিনিয়োগকারীরা বিক্ষোভ করে। পরিবর্তিত সময় অনুযায়ী ডিএসইতে বৃহস্পতিবার দুপুর ১টায় শুরু হয় লেনদেন। কিন্তু ৫ মিনিটেই সাধারণ সূচক ৬০০ পয়েন্ট পড়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে লেনদেন বন্ধ হয়ে যায়। বুধবার ডিএসইতে ২২৫ পয়েন্টে সার্কিট ব্রেকার আরোপ করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। অস্থির পুঁজিবাজারে লেনদেনের সময় চার ঘণ্টা থেকে কমিয়ে দুই ঘণ্টাও করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বিনিয়োগকারীদের আস্থা না থাকায় এ পদক্ষেপ। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন সকাল ১১টার পরিবর্তে দুপুর ১টায় শুরু হবে। তা চলবে বেলা ৩টা পর্যন্ত। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনায় ডিএসই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে লেনদেন হবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত দুই ঘণ্টা করে লেনদেন হবে।" তবে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পেলে আগের মতোই দিনে চার ঘণ্টা লেনদেনের অবস্থায় ফেরত যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। গত সপ্তাহে দরের সর্বোচ্চ পতন এবং সর্বোচ্চ উত্থানের পর আবার ব্যাপক দরপতনে পুঁজিবাজারে বুধবারও দুই ঘণ্টা করে লেনদেন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৩২০ ঘ.