ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্থির পুঁজিবাজারে লেনদেনের সময় চার ঘণ্টা থেকে কমিয়ে দুই ঘণ্টা করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বিনিয়োগকারীদের আস্থা না থাকায় এ পদক্ষেপ।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন সকাল ১১টার পরিবর্তে দুপুর ১টায় শুরু হবে। তা চলবে বেলা ৩টা পর্যন্ত।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনায় ডিএসই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে লেনদেন হবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত দুই ঘণ্টা করে লেনদেন হবে।"
তবে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পেলে আগের মতোই দিনে চার ঘণ্টা লেনদেনের অবস্থায় ফেরত যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
গত সপ্তাহে দরের সর্বোচ্চ পতন এবং সর্বোচ্চ উত্থানের পর আবার ব্যাপক দরপতনে পুঁজিবাজারে বুধবারও দুই ঘণ্টা করে লেনদেন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১০৩০ ঘ.
bdnews24