ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্যান্য দেশের তুলনায় দেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ফারুক খান বলেন, "বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে। সরকার মুনাফাখোর ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে কেউ দাম বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, ভবিষ্যতেও হবে।"
দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আরো গতিশীল করা হবে বলেও জানান তিনি।
'মহাজোট সরকারেরর সফলতার দুই বছর' শীর্ষক এ সভার আয়োজন করে 'নৌকার নতুন প্রজম্ম' নামের একটি সংগঠন।
পৌরসভার নির্বাচন প্রসঙ্গে ফারুক খান বলেন, "এ নির্বাচনের মাধ্যমে সরকার প্রমাণ করেছে দেশ সঠিক গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে।"
সন্ত্রাস নির্মূলে সরকারের দুই বছরের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, "সরকার জঙ্গীবাদ ও দুর্নীতি দমনে আন্তরিকভাবে কাজ করছে।"
বাংলাদেশকে গণতন্ত্রের মডেল পরিচিত করে তুলতে নৌকার নতুন প্রজম্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ঢাকা বিশ্ববিদ্যারয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, নৌকার নতুন প্রজম্মের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউল আলম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/জেকে/২২৪৭ ঘ.
bdnews24