ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেব্র"য়ারির ১৫ তারিখের মধ্যে বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম বাড়ানোর ঘোষণা দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার বিইআরসি কার্যালয়ে গণশুনানি শেষে সংস্থার চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।
সর্বশেষ ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর প্রতি কিলোওয়াট-পার ঘণ্টা বিদ্যুতের গড় দাম ১৬ শতাংশ বাড়িয়ে ২ দশমিক ০৪ টাকা থেকে ২ দশমিক ৩৭ টাকা নির্ধারণ করা হয়।
গত ১ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম বাড়াতে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি) বিইআরসিকে লিখিত প্রস্তাব দেয়।
গণশুনানি শেষে সৈয়দ ইউসুফবলেন, "পিডিবির প্রস্তাবিত দামের ওপর আগামী রোববার পর্যন্ত লিখিত মতামত দেওয়া যাবে। আইন অনুয়ায়ী মতামত গ্রহণের শেষ দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন দাম ঘোষণা করতে হবে।"
তবে বিইআরসি স্বল্প সময়ের মধ্যে এই দাম নির্ধারণ করতে চাচ্ছে জানিয়ে তিনি বলেন, "এক্ষেত্রে আগামী ১৫ ফেব্র"য়ারি মধ্যে নতুন দাম ঘোষণা করা সম্ভব হবে।"
পিডিবির প্রস্তাবে বলা হয়, প্রতি বছর শতকরা ৮ থেকে ১০ শতাংশ হারে বিদ্যুতের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে বর্ধিত চাহিদা মেটাতে নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও বেসরকারি কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে। এ কারণেই বিদ্যুতের নতুন দাম নির্ধারণ করতে হচ্ছে।
বিদ্যুতের দাম আগামী তিন বছর প্রতি ছয় মাসের ব্যবধানে সাড়ে ১২ শতাংশ হারে বাড়ানোরও প্রস্তাব করে পিডিবি।
শুনানীতে পিডিবি চেয়ারম্যান এএসএম আলমগীর কবির বলেন, "চাহিদার বিপরীতে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন।"
কনজু্যুমার অ্যাসোসিয়েশনের (ক্যাব) পক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম শামসুল আলম বলেন, "বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। তবে তা যেন ন্যায়সঙ্গত ও যৌক্তিক হয়।"
এফবিবিসিআই'র স্ট্যান্ডিং কমিটি অন পাওয়ারের চেয়ারম্যান ইমাম আনোয়ার বলেন, "দাম বাড়ানোর পাশাপাশি নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি নিশ্চিত করতে হবে।"
শুনানির সময় বিইআরসি'র সদস্য সেলিম মাহমুদ ও মো. ইমাদাদুল হক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/জেকে/২২০৭ ঘ.
bdnews24