২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় তিন পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডেকো গ্র"পের এক কর্মকর্তাকে অপসারণের দাবিতে এই প্রতিষ্ঠানের তিনটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

সাভার, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডেকো গ্র"পের এক কর্মকর্তাকে অপসারণের দাবিতে এই প্রতিষ্ঠানের তিনটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় এই প্রতিষ্ঠানের তিনটি কারখানা ইউক এ্যাপারেলস লিমিটেড, আগামী এ্যাপারেলস লিমিটেড ও আমরিন টেক্স লিমিটেড-এর শ্রমিকরা বুধবার সকালে বিক্ষোভ শুরু করে। শিল্প পুলিশের আশুলিয়া অঞ্চলের পরিদর্শক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানা তিনটির প্রায় তিন হাজার শ্রমিক সকাল ৮টার দিকে কাজে যোগ দেয়। সকাল সাড়ে ৯টার দিকে তারা কাজ ফেলে একত্রিত হয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (উৎপাদন) জাকির হোসেনের অপসারণ দাবিতে বিক্ষোভ শুরু করে। আশুলিয়া থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে রাস্তায় নামার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর শ্রমিকরা কারখানার ভিতরেই বিক্ষোভ করতে থাকে। কারখানার কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, ব্যবস্থাপক (উৎপাদন) জাকির হোসেন শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করেন। বিনা কারণে ছাঁটাইয়ের ভয় দেখান। নারী শ্রমিকদের গায়ে হাত দেন। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে কয়েকবার অভিযোগ করা হলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। শ্রমিকরা বলেছে, তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। ডেকো গ্র"পের মহা-ব্যবস্থাপক (প্রশাসন) লেফটেন্যান্ট কমান্ডার (অব.) আমির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের আলোচনা চলছে। আলোচনা শেষে সিদ্ধান্ত জানানো হবে।" আশুলিয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে থানা পুলিশের পাশাপাশি শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৩২ ঘ.