২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেন বন্ধ, বিক্ষোভ

সার্কিট ব্রেকার অতিক্রম করায় বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ হয়ে গেছে। ডিএসই'র সামনে বিক্ষোভ শুরু করেছেন বিনিয়োগকারীরা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 08:44 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্কিট ব্রেকার অতিক্রম করায় বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ হয়ে গেছে। বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছেন। বেলা আড়াইটার দিকে মূল্যসূচক ২২৫ পয়েন্ট কমে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে লেনদেন স্থগিত হয়ে যায়। এর আগে নির্ধারিত সময়ের চেয়ে দুঘণ্টা দেরিতে বেলা ১টায় লেনদেন শুরু হয়। বেলা দেড়টার দিকে ডিএসইতে ২২৫ পয়েন্টে সার্কিট ব্রেকার আরোপ করে এসইসি। লেনদেন বন্ধ হওয়ার পরপরই বিনিয়োগকারীরা ডিএসই'র সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা সড়কে নেমে কাগজ জড়ো করে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ডিএসই'র সামনের রাস্তায় মিছিল শুরু করে। মিছিল থেকে 'হরতাল-হরতাল' স্লোগান দেওয়া হয়। বিকাল ৪টার দিকে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।" বিক্ষোভের কারণে দৈনিক বাংলা মোড় থেকে মতিঝিল শাপলা চত্ত্বর পর্যন্ত একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পৌনে ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। দৈনিক বাংলা মোড় এবং বলাকা মোড় এলাকায় বিপুল পরিমাণে গাড়ির ভাঙা কাচ পড়ে থাকতে দেখা গেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাটিচার্য করেছে পুলিশ। বিক্ষোভ শুরুর পর ডিএসই ও মধুমিতা সিনেমা হলের সামনে পুলিশ অবস্থান নেয়। লেনদেন বন্ধ হওয়ার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সামনে বিনিয়োগকারীরা মানব বন্ধন করে এর প্রতিবাদ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/আরএইচএন/এলএইচ/জেবি/পিডি/১৬০৫ ঘ.