২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে উড়াল সড়ক নির্মাণে চুক্তি

রাজধানীতে উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণে ইতাল-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানির সঙ্গে চুক্তি করেছে সরকার। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 06:21 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণে ইতাল-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানির সঙ্গে চুক্তি করেছে সরকার। বুধবার হোটেল সোনারগাঁওয়ে বেলার ১১টায় বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন এবং ইতাল-থাইয়ের পক্ষে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট প্রেমচাই কর্নাসুতা। চুক্তির ছয় মাসের মধ্যে উড়ালসড়কের নির্মাণ কাজ শুরু হবে থাই ওই প্রতিষ্ঠান। কাজ শুরুর পরবর্তী সাড়ে তিন বছরের মধ্যে নির্মাণ শেষ করার কথা। চুক্তির মেয়াদ হবে ২৫ বছর। এই সময় পর্যন্ত উড়াল সড়কে গাড়ি চলাচলের জন্য টোল আদায় করতে পারবে প্রতিষ্ঠানটি। তবে টোল আদায় শুরু হবে নির্মাণ কাজ শেষ হওয়ার পর থেকে। প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ এ উড়াল সড়কটি শাহজালাল বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, সাত রাস্তা, মগবাজার, কমলাপুর, খিলগাঁও, গোলাপবাগ হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত হবে। মূল সড়কটি হবে ২১ কিলোমিটার। এর সঙ্গে আরো ৫ কিলোমিটার দীর্ঘ দুটি সংযোগ সড়ক থাকবে। এর একটি হবে মানিক মিয়া থেকে তেজগাঁও রেল ক্রসিং পর্যন্ত। অন্যটি পলাশী থেকে মগবাজার পর্যন্ত। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে আট হাজার সাতশ তিন কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ দেবে এক হাজার আটশ কোটি টাকা। পিপিপির আওতায় এই ব্যয়ের ৭০ শতাংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করবে। রাজধানীর যানজট নিরসনে এ উড়াল সড়কটি নির্মাণে গত ২৩ নভেম্বর ঠিকাদার নিয়োগের চূড়ান্ত দরপত্র ডাকা হয় । কিন্তু কাজটি পাওয়ার ক্ষেত্রে ইতাল-থাই'র প্রতিদ্বন্দ্বী ঠিকাদারি প্রতিষ্ঠান সিকদার রিয়েল এস্টেট দরপত্রের প্রক্রিয়া নিয়ে উচ্চআদালতে একটি মামলা করে। এর পর আদালত ঠিকাদার নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করে। গত ২ জানুয়ারি উচ্চ আদালত নিষেধাজ্ঞা তুলে নিলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতাল-থাইয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়। গত ২৩ অগাস্ট এ প্রকল্প অনুমোদন করে মন্ত্রিসভা। প্রতিটি প্রাইভেট কার, স্পোর্ট ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) ও মাইক্রোবাসের জন্য ১২৫ টাকা। বাসের জন্য এর দ্বিগুণ এবং ট্রাকের জন্য কারের চার থেকে ছয়গুণ হারে টোল দিতে হবে। চুক্তি স্বাক্ষরের সময় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচটি ইমাম, থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী অ্যালনকার্ন পনলাবুত ও থাই বাণিজ্য সংস্থার সভাপতি কিয়াত সিথিয়ামর্ন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/পিডি/১৩১৫ ঘ.