ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বুধবারের লেনদেন নির্ধারিত সময় সকাল ১১টায় শুরু হয়নি। দুপুর ১টায় লেনদেন শুরু হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, বিকাল ৩টা পর্যন্ত লেনদেন চলবে।
পুঁজিবাজারে দরপতন ঠেকাতে মঙ্গলবার দিনের লেনদেন শেষ হওয়ার সোয়া এক ঘণ্টা আগেই দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে বিশেষ জরুরি বৈঠকে বসেছে এসইসি। এতে সংস্থাটির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, এসইসির দুই সদস্য ও নির্বাহী পরিচালকরা উপস্থিত আছেন।
এর আগে সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় একটি বৈঠক হয়। এতে অর্থমন্ত্রীহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুই ডেপুটি গভর্নর, এসইসি চেয়ারম্যান ও দুই সদস্য উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে এ বৈঠক শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/কেএমএস/পিডি/১২৪৩ ঘ.
bdnews24