২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের অ্যান্টি-ডাম্পিং শুল্ক: বিপাকে তৈরি পোশাক খাত

বাংলাদেশি পণ্যের ওপর তুরস্ক অ্যান্টি-ডাম্পিং শুল্ক (এডিডি) আরোপের ফলে বিপাকে পড়তে যাচ্ছে দেশের তৈরি পোশাক খাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 04:37 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি পণ্যের ওপর তুরস্ক অ্যান্টি-ডাম্পিং শুল্ক (এডিডি) আরোপের ফলে বিপাকে পড়তে যাচ্ছে দেশের তৈরি পোশাক খাত। তৈরি পোশাক খাত সংক্রান্ত খবর বিষয়ক ওয়েবসাইট জাস্ট স্টাইল ডটকমের খবর অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রে এ শুল্ক ৪০ শতাংশ পর্যন্তহতে পারে। বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের শুল্ক আরোপের ফলে প্রায় দুই হাজার কোটি টাকার আমদানি চাহিদা থাকা সত্ত্বেও তুরস্কে পণ্য পাঠাতে পারছে না স্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারকরা। এটি এ খাতের জন্য বিশাল চ্যালেঞ্জ।" স্থানীয় পণ্যের দামের তুলনায় কমদামে পণ্য আমদানি হলে আমদানি পণ্যের ওপর যে শুল্ক আরোপ করা হয় তা এডিডি। বিদেশি পণ্য আমদানিকে নিরুৎসাহিত করতে অস্থায়ী ভিত্তিতে এ শুল্ক আরোপ করা হয়। জাস্ট স্টাইল ডটকমের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি না থাকায় তুরস্ক সরকার বাংলাদেশি তৈরি পোশাকের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশি পণ্যের শুল্ক হতে পারে ২৭ থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ। তুরস্কের বৈদেশিক বাণিজ্য দপ্তর এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, সে দেশে পোশাক খাতের শিল্প মালিকরা বাংলাদেশ থেকে এ জাতীয় পণ্য আমদানির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ কারণে দেশীয় ব্যবসায়ীদের রক্ষায় স্বল্প মেয়াদে এই অস্থায়ী শুল্ক আরোপ করা হয়েছে। এ অবস্থায় বাংলাদেশি তৈরি পোশাক পণ্যের ওপর আরোপ করা ৪০ শতাংশের মতো বড় অঙ্কের শুল্কের কারণে তুর্কি পোশাক ব্যবসায়ীদের সুবিধাজনক দেশ থেকে আমদানি করাকেই উৎসাহিত করবে বলে মনে করেন নাসির উদ্দিন চৌধুরী। সংকট থেকে উত্তরণে এরই মধ্যে বিজিএমই'র পক্ষ থেকে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি। তুরস্কের অ্যান্টি-ডাম্পিং শুল্কের কারণে পশমি সূতা, তুলা ও হাতে তৈরি কাপড়ের ওভারকোট, স্যুট, জেকেট, শার্ট, ব্লাউজ, অন্তর্বাস, পায়জামা, গেঞ্জি, পুলওভার, কার্ডিগানের মতো তৈরি পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের বিভিন্ন রপ্তানি খাত থেকে অর্জিত এক হাজার ২০ কোটি ডলার বৈদেশিক আয়ের মধ্যে শুধু তৈরি পোশাক রপ্তানি খাত থেকেই আসে আটশ কোটি ডলার। সরকারি তথ্য অনুযায়ী, ২০০৯ সালে তুরস্ক ছয়শ ৩০ কোটি ডলারের বস্ত্র ও বস্ত্র তৈরির কাঁচামাল আমদানি করেছে। এ ছাড়া পোশাক রপ্তানি থেকে বাংলাদেশের অর্জিত বৈদেশিক আয় ২০০ কোটি ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২২৩০ ঘ.