ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণে ইতাল-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানির সঙ্গে বুধবার চুক্তি করবে সরকার।
এ উপলক্ষ্যে বেলা ১১টায় হোটেল সোনারগাঁওয়ের বলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করেছে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগ।
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী অ্যালনকার্ন পনলাবুত ও থাই বাণিজ্য সংস্থার সভাপতি কিয়াত সিথিয়ামর্ন ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বের (পিপিপি) আওতায় এটিই হবে দেশের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্প।"
প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ এ উড়াল সড়কটি শাহজালাল বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, সাত রাস্তা, মগবাজার, কমলাপুর, খিলগাঁও, গোলাপবাগ হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত হবে।
মূল সড়কটি হবে ২১ কিলোমিটার। এর সঙ্গে আরো ৫ কিলোমিটার দীর্ঘ দুটি লিংক থাকবে। এর একটি হবে মানিক মিয়া থেকে তেজগাঁও রেল ক্রসিং পর্যন্ত। অন্যটি পলাশী থেকে মগবাজার পর্যন্ত।
রাজধানীর যানজট নিরসনে এ উড়াল সড়কটি নির্মাণে গত ২৩ নভেম্বর ঠিকাদার নিয়োগের চূড়ান্ত দরপত্র ডাকা হয় ।
কিন্তু কাজটি পাওয়ার ক্ষেত্রে ইতাল-থাই'র প্রতিদ্বন্দ্বী ঠিকাদারি প্রতিষ্ঠান সিকদার রিয়েল এস্টেট দরপত্রের প্রক্রিয়া নিয়ে উচ্চআদালতে একটি মামলা করে। এর পর আদালত ঠিকাদার নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
গত ২ জানুয়ারি উচ্চ আদালত নিষেধাজ্ঞা তুলে নিলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতাল-থাইয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়।
আদালতের রায়ের পর যোগাযোগমন্ত্রী আবুল হোসেন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "আদালতে বিষয়টি নিষ্পত্তি হওয়ায় এ প্রকল্প বাস্তবায়নে আর কোনো অন্তরায় রইলো না।"
গত ২৩ অগাস্ট প্রায় ১৪ হাজার কোটি টাকার এ প্রকল্প অনুমোদন করে মন্ত্রিসভা।
পিপিপির আওতায় এই ব্যায়ের ৭০ শতাংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ৩০ শতাংশ সরকার বহন করবে।
এই চুক্তি অনুযায়ী, তিন বছরের মধ্যে ইতাল-থাইকে নির্মাণ কোজ শেষ করতে হবে। চুক্তির মেয়াদ হবে ২৫ বছর। এই সময় পর্যন্ত উড়াল সড়কে গাড়ি চলাচলের জন্য টোল আদায় করতে পারবে প্রতিষ্ঠানটি। তবে টোল আদায় শুরু হবে নির্মাণ কাজ শেষ হওয়ার পর থেকে।
প্রতিটি কার, স্পোর্ট ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) ও মাইক্রোবাসের জন্য ১২৫ টাকা। বাসের জন্য এর দ্বিগুণ এবং ট্রাকের জন্য কারের চার থেকে ছয়গুণ হারে টোল দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/জেকে/১৯৪০ ঘ.
bdnews24